আদমজীতে ভাসান যাত্রা
বিজয় গুপ্তের মনসামঙ্গল-এর কাহিনি থেকে খণ্ড খণ্ড অংশ নিয়ে ভাসান যাত্রার পালাগান পরিবেশনরীতি সুপ্রাচীন। এবার কানা হরি দত্তের রচনা থেকে পালারূপ দেখে দর্শক বিমুগ্ধ। ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র-ঐতিহ্যে সমুজ্জ্বল। এই গ্রামেরই এক গৃহবধূ বীণা রানী দাসী তৈরি করেন ভাসান গানের দল। তাঁর মৃত্যুর পর পুত্রবধূ সুচিত্রা দাসী গানের দলকে যাত্রাদলে রূপান্তরিত করে ভাসান যাত্রা পরিবেশন করতে থাকেন। অল্প খরচে, বাড়ির আঙিনায় বা প্রশস্ত মাঠে যেকোনো জায়গায় এই যাত্রা পরিবেশনযোগ্য। ২৭ জুন খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী গ্রামে এক উঠোনযাত্রার আসরে শত শত নারী-পুরুষ দর্শকের সমাগম ঘটে। বীণা দাসী ভাসান যাত্রার দল অনাড়ম্বর সেই আসরে পরিবেশন করে বেহুলার নাচাড়ি। সন্ধ্যা থেকেই তাই লোক আসা শুরু হয়। যাত্রার আয়োজক গোবিন্দ হালদার বিনয়ের সঙ্গেই দর্শকদের জানান, মানত উপলক্ষে এই যাত্রাগানের আয়োজন। দলের শিল্পী-কুশীলবেরা সবাই নারী। তাই একটু দেরিই হয়ে গেল সাজ-পোশাক নিতে। হঠাৎ বাজনা বেজে উঠল। নানা সুরের বাজনার মধ্যে নেপথ্য গীতি শুরু হলো—মূল গায়েন বেহুলাকে ঘিরে ১০-১২ জন সখী গাইতে গাইতে মঞ্চে ঢুকতেই মুহুর্মুহু করতালিতে সিক্ত হলেন তাঁরা। সে এক উন্মাদনা!‘জল আনিতে যায় বেহুলা পদ্মদীঘির ঘাটে/ডান কাঁখে তার সোনার কলসি শত সখী সাথে’। সমবেত এই গীতির সুর-লহরিতে উৎফুল্ল নারী-পুরুষ সবাই। পালার গীতিময়তাই হচ্ছে বাড়তি আকর্ষণ। নমিতা সেজেছেন চাঁদ সওদাগর। লখিন্দর আরতি বিশ্বাস। বেহুলা সুচিত্রা দাসী। অন্যান্যের মধ্যে বিশ্বকর্মার চরিত্রে চন্দনা মণ্ডল, সায়বেনে চরিত্রে অর্চনা বিশ্বাস এবং মনসা চরিত্রে মাসুমা সরদারের নজরকাড়া অভিনয় দেখে দর্শক মুগ্ধ। সর্প দংশনদৃশ্যে নাগ-নাগিনীর কথোপকথন অতিরঞ্জিত ঠেকলেও দর্শক তা মেনে নিয়েছে। পরিবেশনে যাত্রার প্রাচীনতত্ত্ব লক্ষ করা গেছে।দলের অধিকর্ত্রী সুচিত্রা দাসী জানান, বিজয় গুপ্তের মনসামঙ্গলের এবং কানা হরি দত্তের কাহিনির মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই, যা আছে তা ভাব-ভাষা-ছন্দের। উভয়ের কাহিনি পরিবেশনযোগ্য। এ যাত্রা আগে ভাদ্র মাস থেকে শুরু হতো, এখন যেকোনো সময় হয়।