আদর্শে ও দায়িত্বে কতটা আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন টিভি চ্যানেল ও তাদের অনুষ্ঠানের সমালোচনা করতে শুরু হলো আমাদের নতুন বিভাগ ‘টিভি পরিক্রমা’। আজকের টিভি চ্যানেল এটিএন বাংলা।
নতুন ভোরে দেখা নাটকে জোভান ও মেহজাবিন
নতুন ভোরে দেখা নাটকে জোভান ও মেহজাবিন

‘এটিএন বাংলা বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন জগতের পথিকৃৎ—এ কথা আমরা সবাই জানি। এ নিয়ে তাদেরও গর্বের অন্ত নেই, সে কথাও আমাদের কমবেশি সবারই জানা। তাদের এ গৌরব আরও উজ্জ্বল, আরও ফলপ্রসূ ও সুবিস্তৃত হোক, সে আশাবাদ আমরাও জানাই। পাশাপাশি তাদের দায়িত্বের কথাটিও স্মরণ করিয়ে দিতে চাই। পথিকৃৎ হিসেবে আদর্শ পথটি চেনা, নিজে সে পথে অবিচল থাকা এবং অন্যকে সে পথে পরিক্রমায় সহায়তাদানই তার প্রধান দায়িত্ব ও কর্তব্য। আমরা আশা করি, এটিএন বাংলা এ দায়িত্বে সর্বদা নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দেবে।

এবার আমরা গত সপ্তাহান্তে প্রচারিত এটিএন বাংলার কয়েকটি অনুষ্ঠান পর্যালোচনা করে দেখতে পারি, তারা তাদের আদর্শে ও দায়িত্বে কতটা নিষ্ঠাবান ও আন্তরিক।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় প্রচারিত হলো মাসিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’। টেলিভিশনে ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের যে ধারা তিন-সাড়ে তিন দশক আগে শুরু করেছিল বিটিভি কমেডি আওয়ারেও সে ধারা হুবহু অনুসরণ করা হয়েছে। কিছু কৌতুক নকশা অভিনয়, চুটকি, গান, নাচ দিয়ে সাজানো হয়েছে কমেডি আওয়ার। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে, তার প্রতিফলন থাকলে অনুষ্ঠানের মান আরও উন্নত হতো। দর্শকের কাছেও আরও গ্রহণযোগ্য হতো বলে মনে হয়।

অনলাইন প্রেম নিয়ে যে কৌতুকটি সংযোজন করা হয়েছে, তাকেই শুধু সমসাময়িক বলা যায়। সোনার চেইন নিয়ে পরিবেশিত কৌতুক নকশাটি গতানুগতিক হলেও কিছুটা শিক্ষণীয় ছিল। এ ছাড়া অনুষ্ঠানের মাঝে মানসিক রোগীদের নিয়ে যে কৌতুক নকশাটি পরিবেশিত হয়েছে, তা নীতিগতভাবে পরিহার করা উচিত ছিল। কারণ বুঝতে হবে এটি একটি গণমাধ্যম। মানসিক রোগগ্রস্ত দেশের হাজার শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এরা কোনো হাস্যকৌতুকের চরিত্র নয়। তারা আমাদের সহায় ও সহানুভূতির দাবিদার।

শেষ পরিবেশনা ছিল গানের সঙ্গে নাচ। গানটি ম্যাগাজিন অনুষ্ঠান উপযোগী হলেও নাচটি ছিল বেমানান ও নিম্নমানের। তবে পুরো অনুষ্ঠানটি উতরে গেছে অভিনেতা শাহেদ ও তাঁর সহশিল্পীদের সাবলীল উপস্থাপনায়। ভবিষ্যতে ম্যাগাজিন অনুষ্ঠান কমেডি আওয়ারের উত্তরণ ও সফলতা কামনা করি।

পরদিন ৩০ সেপ্টেম্বর শুক্রবার ছিল ছুটির দিন। সকাল ১১.০৫-এ প্রচারিত হলো হাসান আহমেদ চৌধুরীর পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে এ বিতর্ক। কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে অনুষ্ঠানটি ছাত্রসমাজ ও সুধীমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। তা হলো গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সংসদীয় রীতিতে উপস্থাপন। পয়েন্ট অব অর্ডার, পয়েন্ট অব ইনফরমেশন ইত্যাদি সংসদীয় রীতিতে বক্তাদের যুক্তি খণ্ডন ও উপস্থাপন, সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিষয় নির্বাচন এবং সংসদ সদস্যসহ শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের প্রধান অতিথি হিসেবে আগমন।

এ সপ্তাহে বিতর্কের বিষয় ছিল ‘জঙ্গিবাদ মোকাবিলাই হবে আগামী শতাব্দীর বড় চ্যালেঞ্জ’। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বিরোধী দলের ভূমিকায় ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সরকারি দল ও বিরোধী দলের যুক্তিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় সরকারি দল ‘ইউনিভার্সিটি অব প্রফেশনালস’। এদিন বিশেষ অতিথি হিসেবে তার্কিকদের বিতর্কের আলোকে সমাপনী বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক আহমেদ।

প্রসঙ্গত উল্লেখ, এ ক্ষেত্রে এটিএন বাংলাই একমাত্র বেসরকারি টিভি চ্যানেল, যারা প্রায় এক দশক ধরে তরুণসমাজকে জাগ্রত করার লক্ষ্যে এমন একটি অলাভজনক অনুষ্ঠান আয়োজন করে চলেছে। আমরা মনে করি, পথিকৃৎ হিসেবে তাদের এ ভূমিকা অনন্য, যা দেশের অন্যান্য টিভি চ্যানেলের জন্য অনুসরণীয় হতে পারে।

এবার এটিএন বাংলায় প্রচারিত দু-একটি নাটক ও টেলিছবি নিয়ে কথা বলা যেতে পারে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে প্রচারিত হলো টেলিছবি মন যেখানে হৃদয় যেখানে। রচনায় প্রিয় চট্টোপাধ্যায়, পরিচালনায় জিএম সৈকত। টেলিছবিটির মান মোটেই এটিএন বাংলায় প্রচারোপযোগী ছিল না। কাহিনি, চিত্রনাট্য অত্যন্ত দুর্বল এবং আরও দুঃখজনক হলো, ভারতীয় চ্যানেলের সিরিয়ালগুলোর অনুকরণে এর ধীরগতি ও নাটকীয় আবহ সংগীতের ব্যবহার। শেষে একটি রবীন্দ্রসংগীতের ব্যবহার করা হয়েছে। ‘তোমার আপন হাতের দোলায়’, যা অত্যন্ত আনাড়ি শিল্পীর গাওয়া দুর্বল কণ্ঠ ও দুর্বল সুর।

এদিন রাত ৯টায় ছিল ধারাবাহিক নাটক গল্পটা ‘ভ’এর। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা তানভীর হোসেন প্রবালের। তিনি নিজে অভিনয়ও করেছেন। সূত্রধরের আদলে উপস্থাপনা ও একেক পর্বে ভিন্ন ভিন্ন গল্প পরিবেশনার মাধ্যমে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন বটে, কিন্তু এদিনের গল্পটিই হয়ে গেছে বড্ড গতানুগতিক। তবে অভিনয়ের দিক থেকে নাটকটি উতরে গেছে। রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম ও পরিচালকের নিজের অভিনয় ছিল সাবলীল।

এদিন রাত ১১টায় ছিল এ সপ্তাহের নাটক নতুন ভোরে দেখা। নিঃস্বার্থ ভালোবাসার গল্প। গল্পে কিছুটা অতিনাটকীয়তা থাকলেও ছিল উপভোগ্য ও আকর্ষণীয়। গণমাধ্যমে বিনোদনের জন্য যে ধরনের নাটক প্রচার হওয়া উচিত নতুন ভোরে দেখা ঠিক তেমনই একটি সার্থক নাটক বলা যায়।

অনুষ্ঠান বৈচিত্র্যে, সংবাদ পরিবেশনে, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় এটিএন বাংলার পদচারণা প্রশংসনীয়। তবে বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণ ও নির্বাচনের ক্ষেত্রে চ্যানেলটি আরও সজাগ পায়ে এগিয়ে যাবে, এটিই আমাদের প্রত্যাশা।

আবু রইস: লেখক ও নাট্যকার