আদালতে সিআইডির অভিযোগপত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস পাল
তাপস পাল

কলকাতার প্রখ্যাত অভিনেতা ও তৃণমূল সাংসদ তাপস পালের কুরুচিকর মন্তব্যের অভিযোগে শেষ পর্যন্ত অভিযোগপত্র পেশ করেছে সিআইডি। সম্প্রতি নদীয়ার কৃষ্ণনগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভজিৎ বসুর আদালতে অভিযোগপত্র পেশ করে সিআইডি।
তাপস পালের বিরুদ্ধে সিআইডি এই মামলায় ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। তাপস পালের কণ্ঠ রেকর্ড করতে চেয়েছিল সিআইডি। কিন্তু তাতে সম্মত হননি তিনি।
গত বছরের জুন মাসে লোকসভা নির্বাচনের পর নদীয়া জেলার নাকাশিপাড়ার বিভিন্ন এলাকায় দলীয় সমাবেশে বিরোধী দলকে বিশেষ করে বাম দলকে কঠোর সমালোচনা করে বক্তব্য দেন সাংসদ তাপস পাল। বিরোধীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। নদীয়ার চৌমাহা গ্রামে এক দলীয় সমাবেশে তাপস পাল বলেছিলেন, ‘আমি দরকার হলে আমার ছেলেদের বলব, সিপিএমের নেতা-কর্মীদের বাড়ি যাও এবং সিপিএম নারীদের ধর্ষণ করো।’
এই ঘটনার পর রাজ্যব্যাপী তাপস পালের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। তখনই আইনজীবী বিপ্লব রায় চৌধুরী কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারপতি দীপংকর দত্ত হাইকোর্টের তত্ত্বাবধানে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এতে সন্তুষ্ট হতে না পেরে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পুনর্বিবেচনার আবেদন করেন। এই মামলার শুনানি শেষে দুই বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী বিভক্ত রায় দেন।
বিভক্ত রায় হওয়ায় মামলা তৃতীয় বিচারপতি নিশীথা মাত্রের আদালতে গেলে বিচারপতি নিশীথা মাত্রে সিআইডির তদন্তের নির্দেশ বহাল রাখেন। এ ছাড়া হাইকোর্টের নির্দেশে থানায় এফআইআর দায়ের করা হলে সিআইডি সম্প্রতি আদালতে অভিযোগপত্র পেশ করে।