আদিবাসী উৎসবে সাঁওতালদের সংগ্রামের ইতিহাস
নাটকের পটভূমি ভারতের সাঁওতাল-অধ্যুষিত বীরভূম জেলা। অধিকার রক্ষার জন্য সেখানকার সাঁওতালদের কখনো লড়তে হয়েছে জমিদারদের বিরুদ্ধে, কখনো তারা লড়েছে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। সেই সংগ্রামের ইতিহাসই তুলে ধরা হয়েছে নাটক ডিটোম-এ। সাঁওতালি এই শব্দের অর্থ ‘ধারালো হাত’। ক্ষুদ্র নৃগোষ্ঠী নাট্যোৎসবের প্রথম দিন গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চস্থ করে রাজশাহীর মান্ওয়া নাট্যদল। এর রচনা ও নির্দেশনা দেন কর্নেলিয়াস হঁসদা।নাটকের আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।উৎসবে আজ দ্বিতীয় দিন নাটক চান্দোবী মঞ্চস্থ করবে খাগড়াছড়ির জুম্ম সামাজিক-সাংস্কৃতিক সংসদ। আগামীকাল দিনাজপুরের নাট্যদল ওরাঁও শিশু-কিশোর থিয়েটার মঞ্চস্থ করবে মান্ডি আম্ঙ্খী। শেষ দিন ২ এপ্রিল নাটক বান মঞ্চস্থ করবে রাঙামাটির নাট্যদল রংঢং থিয়েটার।