আদিবাসী দিবসে চ্যানেলগুলোতে নানা আয়োজন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। বিটিভিতে বিকেলে থাকছে অনুষ্ঠান মৈত্রীর বন্ধন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন নিমাই মণ্ডল। এখানে থাকছে চাকমা ও গারো ভাষার গান, আবৃত্তি এবং সাক্ষাৎকার। প্রযোজনা করেছেন সৈয়দ জামান। এটিএন বাংলায় সন্ধ্যায় দেখানো হবে টক শো জাতিসংঘ ও বাংলাদেশের আদিবাসী। প্রান্তের আদিবাসী অনুষ্ঠানটি তৈরি হয়েছে সিলেটের খাসিয়া ও মণিপুরিদের জীবনচিত্র নিয়ে। দেখানো হবে বাংলাভিশনে। দেশ টিভিতে থাকছে চারটি অনুষ্ঠান। আবৃত্তির অনুষ্ঠান জ্বলিন উধিম কিত্তেই (রুখে দাঁড়াব না কেন?) দেখানো হবে বিকেলে। বিকেলের অন্য অনুষ্ঠানটি হলো মায়ের ভাষা প্রাণের ভাষা। সন্ধ্যায় থাকছে আদিবাসী দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র। ইঙাল আঁধার পালা নাটকটির সংলাপ তৈরি হয়েছে মণিপুরি ভাষায়। সঙ্গে থাকছে বাংলায় সাবটাইটেল। নাটকটির গল্প মণিপুরি সমাজের সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক মৃদঙ্গ নিয়ে। মৃদঙ্গের মধ্য দিয়ে প্রতীকীভাবে এ নাটকে প্রান্তিক সমাজের সাংস্কৃতিক বিপর্যয়ের করুণ চিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা এবং পরিচালনা করেছেন এম এস সুমন।