আদিবাসী সাংস্কৃতিক উৎসব ও মেলা
শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ এখন উৎসবমুখর। সেখানে বসেছে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারুশিল্প সামগ্রীর স্টল। সঙ্গে রয়েছে তাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।‘ক্ষুদ্র নৃগোষ্ঠী হস্তশিল্প মেলা ও সাংস্কৃতিক উৎসব’ নামের এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান এস এম শামীম আকতার। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মণিপুরি, রাজশাহী ও রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে কক্সবাজার, দিনাজপুর ও বান্দরবানের নৃগোষ্ঠী শিল্পীরা। কাল উৎসবের শেষ দিন। আমার ভাষার চলচ্চিত্রপ্রতিটি ছবি বাংলা ভাষার। এসব ছবিতে উঠে এসেছে বাংলার সংগ্রামী ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আদর্শের কথা। ছবিগুলো প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রধান মিলনায়তনে। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪১৭’ শিরোনামের এ প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গতকাল বৃহস্পতিবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য এবং চলচ্চিত্র সংসদের সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন প্রথম শহীদ মিনারের স্থপতি ও ভাষাসংগ্রামী সাইদ হায়দার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র সংসদের সভাপতি রিপন কুমার দাশ এবং সাধারণ সম্পাদক স্বপ্ন সমুদ্র।বক্তারা বলেন, ভাষা আন্দোলন হয়েছে ১৯৫২ সালে। কিন্তু ভাষার জন্য সংগ্রাম এখনো শেষ হয়নি। ভাষার শুদ্ধতা, উন্নতি ও সমৃদ্ধির জন্য ক্রমাগত সংগ্রাম করে যেতে হবে। তাঁরা বলেন, এ ধরনের চলচ্চিত্র উৎসবও ভাষার জন্য অবদান রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হয় জহির রায়হান নির্মিত ছবি জীবন থেকে নেয়া। প্রদর্শনী ছিল সবার জন্য উন্মুক্ত। এ ছাড়া এদিন আরও প্রদর্শিত হয় শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকেরের সূর্য দীঘল বাড়ী ও সন্দ্বীপ রায়ের নিশিযাপন ও বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি । প্রতিটি ছবির প্রবেশপত্রের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। পাঁচ দিনব্যাপী এ উৎসবে ২০টির মতো ছবি প্রদর্শিত হবে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সত্যজিৎ রায়ের নায়ক, বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান, হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি, মোরশেদুল ইসলামের দীপু নাম্বার টু, ঋতুপর্ণ ঘোষের আবহমান, এনামুল করিম নির্ঝরের আহা!। শৈশবের অনুভববিভিন্ন মাধ্যমে আঁকা প্রায় অর্ধশত চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে গ্যালারি শিল্পাঙ্গনে। দলগত এ প্রদর্শনীর শিরোনাম ‘অনুভবে শৈশবে’। এর আয়োজক তরুণ ১২ জন শিল্পীর সংগঠন ‘স্টুডিও ৪৮’। গতকাল বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: ফাহমিদা এনাম, এস এম এহ্সান, কুন্তল বাড়ৈ, মঞ্জুর রশীদ, খালেকুজ্জামান, নাইমুজ্জামান ভূঁইয়া, রেহনুমা তারান্নুম, শিহাব নুরুন নবী, অনিকা তাসনিম, অং রাখাইন, শাহ সাদ্দাম কাদির ও জান্নাতুল ফেরদৌস।উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা বলেন, আমাদের সবার শৈশব প্রায় একই রকম। আমরা গ্রামে বা ছোট শহরে জন্মে সেখানেই বড় হয়েছি। আর বর্তমানে আমরা ঢাকা শহরে বাস করি এবং বাস্তবতার সঙ্গে লড়াই করছি। শৈশবের বিভিন্ন বিষয় প্রায়ই আমাদের আলোচনায় উঠে আসে এবং শিল্পকর্মেও তা প্রভাব ফেলে। তেমনি কিছু চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী।প্রদর্শনী চলবে ৪ মার্চ পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।