‘সালমান খান কিন্তু আসবেন না, যদি না আপনারা চিল্লান দেন!/ কী দর্শক, আপনারা কি আছেন?’—ত্রিদেশীয় বিগ শোর উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অসহায় এক দর্শক বিড়বিড় করতে থাকেন—‘টিকিট কেটে শো দেখতে এসেছি আপা। থাকব না, কই যাব? তবে আপনার উপস্থাপনা আরেকটু চললে আমাদের বাড়ির দিকেই পা বাড়াতে হবে।’ বলার অপেক্ষা রাখে না, এমন একটি বড় আয়োজনে আয়োজকদের উচিত ছিল নিয়মিত যাঁরা উপস্থাপনা করেন, তাঁদের কাউকে দায়িত্বটি দেওয়া। দর্শকদের বসার বিষয়েও অব্যবস্থাপনা ছিল চরমে। অভিনেত্রী তারিন সেদিন সপরিবারে শো দেখতে গিয়েছিলেন। সিলভারের টিকিট কেটে বেশ স্বস্তিতেই ছিলেন, আরাম করে শো দেখতে পারবেন। কিন্তু হায়! ৫০ হাজার টাকার টিকিট কেটেও স্বস্তিতে শো দেখতে পারেননি। অথচ তিন হাজার ৫০০ টাকার টিকিট কেটে সেদিন অনেকে সামনের সারিতে বসে অনুষ্ঠান দেখেছেন। নিরাপত্তারক্ষীদের অনেককেই দেখা গেছে দর্শকের বেশে। সাউন্ড সিস্টেম থেকে শুরু করে বাংলাদেশের অংশে কিছু শিল্পী নির্বাচন—সবকিছু নিয়েই রয়েছে দর্শকের কড়া অভিযোগ। বলা যায়, পুরো আয়োজনটি ছিল অগোছালো। একমাত্র পাওনা ছিল অনুষ্ঠান শেষে আকাশে আলোকসজ্জার খেলা। এক কথায় অসাধারণ!২.গত ২৪ ফ্রেব্রুয়ারি সকাল থেকেই স্টেডিয়ামের আশপাশে দর্শকের আনাগোনা—খানসাহেব এবং তাঁর দল কখন আসবে। সালমান খান তখনো ব্যাংককের পাতায়ায় রেডি ছবির শুটিংয়ে ব্যস্ত। তখন আমাদের শাকিব খানই ছিলেন ভরসা। তিন্নি, বিন্দু, শখ, মীমের সঙ্গে মহড়া করেন শাকিব খান। ৩. দুপুর গড়িয়ে বিকেল। সালমান খান, অক্ষয় কুমার তখনো রওনা দেননি। অনেকে আশঙ্কা করেন, খানসাহেবের পক্ষে যেকোনো কিছু সম্ভব। পূর্বপরিকল্পিত অনুষ্ঠান ‘মিস’ দেওয়ার রেকর্ডও তাঁর আছে। আনুশকা, প্রীতমের দল অবশ্য একদিন আগেই এসে উপস্থিত হয়। আনুশকা শর্মা স্টেডিয়ামে পা রাখেন বিকেল পাঁচটায়। বিনা মেকআপে জনসমক্ষে আসতে চাইছিলেন না আনুশকা। তাঁর সহকারী এই প্রতিবেদককে গ্রিনরুমে দেখামাত্রই জানান, ম্যাডাম এখন কথা বলবেন না। দৈনিক প্রথম আলোর আনন্দ পাতায় ছাপা হওয়া প্রতিবেদন ‘নতুন সুপারস্টার আনুশকা শর্মা’ (৩ ফেব্রুয়ারি, ২০১১) দেখিয়েও সহকারীর মন গলানো যায়নি। দূর থেকে আনুশকা অবশ্য গলে যান। একমনে ফ্রুটকেক খাচ্ছিলেন তিনি। পত্রিকা দেখার ইচ্ছায়ই বুঝি সহকারীকে বলেন, ওনাকে আসতে দাও। ছবি না তোলার শর্তে শুরু হয় কথোপকথন—কেমন লাগছে বাংলাদেশে এসে? অবশ্যই ভালো। বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। তোমরা অনেক সহজ-সরল, আন্তরিক। এর আগে কখনো বাংলাদেশ আসা হয়েছে? না, এবারই প্রথম। তবে পাঁচ বছর ধরেই পরিকল্পনা করছিলাম বাংলাদেশে আসার। ২০০৬ সালে এমএসএনে বাংলাদেশের আনজুমের সঙ্গে বন্ধুত্ব হয়। ও কিন্তু এখনো আমার বন্ধু। ওর সবে বিয়ে হয়েছে। আনজুমই আমাকে অনেকবার অনুরোধ করেছিল বাংলাদেশে আসতে। মজার ব্যাপার কী জানেন, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত একটি ছেলের ছবি দিয়ে আমি আনজুমের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। ২০০৮ সালে রাব নে বানা দি জোড়ি সই করার পর যখন আমার ছবি দিয়ে ওকে সত্য ঘটনা জানালাম, তখন ও বিশ্বাসই করতে চায়নি। অনেক দিন পর আনজুম আমাকে বিশ্বাস করেছে। ক্যাটরিনা, সালমান, অক্ষয়ের মতো তারকাদের সঙ্গে একই শোতে অংশ নিতে পেরে কেমন লাগছে? অবশ্যই ভালো। ওরা কিন্তু অনেক আগেই এই শোর জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। আমার অন্তর্ভুক্তি একদম শেষ মুহূর্তে। হাতে কাজ নেই। যশ রাজ ফিল্মসের লেডিস ভার্সাস রিকি ভেল ছবির শুটিং শুরু করার আগে কিছুটা অবসর পেয়েছি। তাই বাংলাদেশের ডাকে সাড়া না দিয়ে পারিনি। চার ছবির নায়িকা হিসেবে এখন পর্যন্ত বড় অর্জন কোনটি? বেঙ্গালুরুর সাধারণ একটি মেয়েকে যে অন্য দেশের মানুষেরাও মাত্র চার ছবির কল্যাণে আপন করে নিয়েছে, এটাই তো বড় অর্জন। তা ছাড়া মাত্র ২২ বছর বয়সে সম্প্রতি ইয়ারি রোডে একটি বাড়ি কিনেছি। ২২ বছরের কটা মেয়ের ভাগ্য এতটা সুপ্রসন্ন হয়? ৪.অনুষ্ঠানের দিন সকালে বাংলাদেশে পা রাখেন ক্যাটরিনা কাইফ। হোটেলে বোরকা পরিহিত ক্যাটরিনার মুখদর্শন করতে পারেনি একটি কাকপক্ষীও। ক্যাটরিনার দর্শন প্রত্যাশায় স্টেডিয়ামের ভিআইপি গেটে দুপুর থেকেই শুরু হয় জনতার জটলা। ‘ক্যাটরিনা এসেছেন’ রবও ওঠে বেশ কয়েকবার। তবে সত্যি সত্যি যখন ক্যাটরিনা আসেন, দর্শক ঘুণাক্ষরেও টের পায়নি। কারণ, ক্যাটরিনা এসেছেন ভিআইপি গ্যালারির লিফটে চড়ে। সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী ও পাঞ্জাবি সচিব। কালো চাদরে মুড়িয়ে ক্যাটরিনা তাঁর জন্য রক্ষিত রুমে ঢুকেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। ক্যাট ও তাঁর বাহিনী শুরুতেই আয়োজকদের জানিয়ে দেন, ক্যামেরা ও পত্রিকার লোকজনকে কোনোভাবেই গ্রিনরুমের আশপাশে থাকতে দেওয়া যাবে না। আনুশকার পারফরম্যান্স শেষে ক্যাটরিনা আনুশকাকে বলেন, কেমন ছিল দর্শক? আনুশকা উচ্ছ্বসিত অভিব্যক্তি দেখাতেই ক্যাটরিনা সাহস পান। আনুশকার নাচের প্রশংসা করেন ক্যাটরিনা, সালমান, অক্ষয় ও প্রীতম।৫.ভারতীয় পত্রপত্রিকা, ওয়েবসাইটে অনেকেই গত এক বছরে পড়েছেন, সালমান-ক্যাটরিনার বিচ্ছেদের গল্প। কিন্তু গত বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্রিনরুমে কিংবা তার আশপাশে যাঁরা ছিলেন, তাঁরা অন্তত কেউই বলবেন না সালমান-ক্যাটরিনার সম্পর্কে চিড় ধরেছে। সালমান নিজের হাতে ক্যাটরিনার মুখে স্যান্ডউইচ তুলে দেন। এমনকি সময়ে-অসময়ে টিস্যু দিয়েও সালমান ক্যাটরিনাকে সহযোগিতা করেন। সালমান-ক্যাটরিনা অক্ষয়ের সঙ্গে তুমুল আড্ডায়ও মেতে ওঠেন। জোকার বলে অক্ষয়কে খেপাতে থাকেন। পরে আবিষ্কার করা যায়, চণ্ডিগড় থেকে জোকার ছবির শুটিং থেকে সরাসরি ঢাকায় হাজির হয়েছেন অক্ষয়। এ ছবিতে অক্ষয়ের নায়িকা সালমানের দাবাং-নায়িকা সোনাক্ষী। মঞ্চে যাওয়ার আগেই অক্ষয় এই প্রতিবেদককে বলেন, ১৯৮৪ সালে ঢাকার পূর্বাণী হোটেলে তিনি সাত মাস কাজ করেছেন। রাজিব ভাটিয়া নামে তখন তিনি দুই হাজার ৫০০ টাকার চাকরি করতেন। সেখান থেকে ব্যাংককে যান হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে এবং বাবুর্চির কাজ করতে। বাংলাদেশের মানুষের আবেগকে ছোঁয়া যায়, এমন কোনো কথা মঞ্চে বলতে চান অক্ষয়। গ্রিনরুম থেকেই ‘জয় বাংলা’ শব্দদ্বয় আয়ত্ত করে যান তিনি। বিরতিহীনভাবে মহড়া করতে গিয়ে হঠাৎ করেই আনুশকাকে বলেন তাঁকে পাতিয়ালা হাউস ছবির গানের নাচে পারফর্ম করতে। মূল পারফরম্যান্সের ১৫ মিনিট আগে মাত্র তিন মিনিটে আনুশকা নাচ উঠিয়ে ফেলেন। মুগ্ধ হন সালমান খান। তবে অক্ষয় পুরোটা সময় আমোদ-ফুর্তিতে ব্যস্ত থাকলেও সালমান প্রায় পুরোটা সময়ই ছিলেন ‘মুড অফ’। পারফরম্যান্সেও সালমানকে ছাপিয়ে যান অক্ষয়। ৬.ব্যাংকক থেকে ঢাকা, আবার শো শেষ করে ব্যাংককেই ফিরে গেছেন সালমান খান। দর্শকদের মূল আগ্রহ ছিল তাঁর দিকে। তবে সালমান দর্শকদের মন ভরাতে পারেননি। সদ্য অনুষ্ঠিত স্টারডাস্ট অ্যাওয়ার্ডে যে ‘মেডলি’র সঙ্গে পারফর্ম করেছেন, ঢাকায়ও সেই একই মেডলির সঙ্গে একইভাবে পারফর্ম করেছেন। ভারতীয় দলেরই একজন বলেন, ‘সল্লু ভাই মুডে থাকলে সবকিছু করতে পারেন। আজ ভাই মুডে নেই।’ মঞ্চে সালমান জানান, এর আগেও দুবার তিনি ঢাকায় এসেছিলেন। একবার ফুটবল ম্যাচে অংশ নিতে, আরেকবার মনীষা কৈরালার সঙ্গে। সেবার অবশ্য বিমানবন্দর থেকেই ফিরে গিয়েছেন। সালমান বলেন, ‘ঢাকা এত অল্প সময়ে এত পরিবর্তন হয়েছে—চিন্তাই করতে পারছি না। এক কথায় অবিশ্বাস্য! মুম্বাইয়ের চেয়েও ঢাকা সুন্দর!’ সালমানের ইচ্ছা ভবিষ্যতে তাঁর চ্যারিটি ফাউন্ডেশন বিং হিউম্যানের শো করবেন ঢাকায়। সেটা হতে পারে এ বছরই।