
অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রনকে বিজ্ঞাপনী ভাষায় বলতে পারেন ‘কম্বো অফার’, একের ভেতর ছয়! আয়রন ম্যান, হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইডো আর হক আই—ছয় সুপারহিরো একসঙ্গে জোট বেঁধে যুদ্ধ করবে সুপারভিলেন আলট্রনের বিরুদ্ধে। বড় পর্দায় ছবিটি দেখতে ভক্তদের যেন আর তর সইছে না। ২০১২ সালে দি অ্যাভেঞ্জার্স মুক্তির পরপরই মার্ভেল স্টুডিও ছবিটির দ্বিতীয় পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছিল। সেই থেকে অপেক্ষার শুরু। ছবির ট্রেইলার ইউটিউবে মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেখা হয়ে গেছে প্রায় সাড়ে তিন কোটিবার! যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন এখনো মুক্তি পায়নি, এরই মধ্যে নির্মাণ ব্যয়ের দুই-তৃতীয়াংশ উঠে এসেছে। মনে হচ্ছে টনি স্টার্কের (আয়রন ম্যান) নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই বক্স অফিসের পুরোনো রেকর্ডগুলো দুমড়ে-মুচড়ে এগিয়ে যাবে অ্যাভেঞ্জার্স বাহিনী!
রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসয়োর্থ, মার্ক রুফালো, ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার—কেউ কারও চেয়ে কম নন। সঙ্গে সুপারভিলেন হিসেবে যোগ হয়েছেন জেমস স্পেডার। খলনায়ক চরিত্রে ছবিতে শহরজুড়ে তুলকালাম বাধালেও জেমসের মুখখানা দেখার সুযোগ খুব একটা মিলবে না। আলট্রনের কলকবজা গায়ে জড়িয়ে তিনি এ ছবিতে বিশালদেহী এক যন্ত্রদানব। অধিকাংশই অ্যানিমেশনের কারসাজি। তাই বলে জেমসের খাটনি কম হয়নি। শুটিংয়ের পুরো সময়টাতেই তাঁকে থাকতে হয়েছে। এমনকি ডাবিংয়ের সময়ও তাঁর দিকে তাক করা ছিল একাধিক ক্যামেরা। সংলাপ বলার সময় মুখভঙ্গির প্রতিটি খুঁটিনাটি পরিবর্তন ক্যামেরায় ধারণ করে সেটিই অনুসরণ করা হয়েছে অ্যানিমেটেড আলট্রন চরিত্রটির জন্য। মার্ভেল স্টুডিওসের দাবি, এখন পর্যন্ত তাদের নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন-এই সর্বাধিক ও সর্বাধুনিক অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও। অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রনকে ঘিরে বাংলাদেশিদের আগ্রহ এবার একটু বেশি হওয়াই স্বাভাবিক। ছবির লোকেশনে ভিন্নতা যোগ করতে পরিচালক জস হুইডন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, কোরিয়া, ইতালিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুটিং করেছেন। এই তালিকায় আছে বাংলাদেশের চট্টগ্রামও!
অ্যাভেঞ্জার্স কনিকা
. শুটিংয়ের সময় সন্তানসম্ভবা ছিলেন স্কারলেট জোহানসন। তাঁর অ্যাকশন দৃশ্যগুলোর জন্য আনা হয়েছিল তিনজন স্টান্ট শিল্পীকে। ক্রিস ইভানস বলেন, ‘স্টান্টদের সঙ্গে স্কারলেটের চেহারার এতই মিল যে আমি কয়েকবার ভড়কে গেছি। একজনের সঙ্গে তো বেশ কিছুক্ষণ আলাপ করার পর ধরতে পেরেছি, মেয়েটা স্কারলেট নয়!’
. আয়রন ম্যানকে নিয়ে নির্মিত এখন পর্যন্ত পাঁচটি ছবিতেই রবার্ট ডাউনি জুনিয়রের গলা চেপে ধরার দৃশ্য আছে। এবারের অ্যাভেঞ্জার্স-এও থাকছে সেই ধারাবাহিকতা। ছবিতে আয়রন ম্যানের গলা চেপে ধরতে দেখা যাবে থরকে।
. পরিচালক জস হুইডনের মনে হয়েছিল, থর, হাল্ক, আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা—প্রত্যেকের মারামারির কৌশলই ঘুষিনির্ভর! অ্যাকশনের সঙ্গে খানিকটা ‘আর্ট’ যোগ করতেই অ্যাভেঞ্জার্স বাহিনীতে ব্ল্যাক উইডো আর হক আইকে নেওয়া হয়েছিল।
. সম্প্রতি হিউ জ্যাকম্যান অ্যাভেঞ্জার্স-এর দলে উলভারিনকেও যোগ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে মার্ভেল, ফক্স আর সনির মধ্যে চুক্তিসংক্রান্ত জটিলতার কারণে ভবিষ্যতে এমনটা হওয়ার সম্ভাবনা নেই।
. ২০১৮ ও ২০১৯ সালে মুক্তি পাবে সিরিজের পরবর্তী দুটি ছবি অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি (পর্ব-১) ও অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি (পর্ব-২)।
আইএমডিবি ও গার্ডিয়ান অবলম্বনে