বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গত ২৯ এপ্রিল পালিত হলো বিশ্ব নৃত্য দিবস। এ নিয়ে রাজধানীসহ সারা দেশে ছিল নানা আয়োজন। বিস্তারিত এ প্রতিবেদনে
আনন্দ উৎসবে নৃত্য দিবস
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব নৃত্য দিবসের অনুষ্ঠান। মঞ্চ আকৃতির ট্রাক ময়ূর, বর-কনে, নৃত্য ভঙিমার নানা রকম পুতুল ও বিভিন্ন রকম মুখোশ দিয়ে সাজানো। এসবের সঙ্গে নৃত্যশিল্পীরাও মেতে ওঠেন বিশ্ব নৃত্য দিবসের অনুষ্ঠানে। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নৃত্যের এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে নৃত্যাঞ্চল। নৃত্যাঞ্চলের নৃত্যশিল্পীরা দিনভর এ আয়োজনে ট্রাকে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নৃত্য পরিবেশন করেন।সকালে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নানা বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যের বিভিন্ন রঙের পোশাকে উপস্থিত হন নৃত্যশিল্পীরা। এই আয়োজন সম্পর্কে নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মহম্মদ বলেন, নৃত্যের মাধ্যমে সমাজ থেকে কুসংস্কার ও মৌলবাদমুক্ত একটি সুন্দর দেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ আয়োজন। এ আয়োজনের মাধ্যমে আমরা দেশের নৃত্যশিল্পের প্রসার ঘটাতে চাই। নৃত্যাঞ্চলের এ আয়োজনের অংশ হিসেবে রাজধানীর পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ নৃত্য পরিবেশন করা হয়। নৃত্যাঞ্চলের শিল্পীরা জাতীয় জাদুঘরের সামনে, পান্থপথে, রাজধানী স্কুলে, মানিক মিয়া এভিনিউ ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে এ আয়োজন করেন।শিল্পকলার আয়োজনসূর্যের আলো ফুটে ওঠার পর সকাল থেকেই একাডেমী চত্বর ভরে ওঠে নৃত্যশিল্পীদের পদচারণে। নৃত্যশিল্পীরা নানা রঙের পোশাক পরে শিল্পকলা একাডেমী চত্বর সারা দিন মুখরিত করে রাখেন। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নবীন-প্রবীণের মিলনমেলা বসে মেলা প্রাঙ্গণজুড়ে। নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশের বিভিন্ন নৃত্যের সংগঠন অংশ নেয়। শোভাযাত্রার দলে মনিপুরী, কহুক, ভরতনাট্যম, লোকনৃত্যও সাধারণ পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে সারা দিন নৃত্যশিল্পীরা মুখরিত করে রাখেন শিল্পকলার চত্বর। সপ্তাহব্যাপী নৃত্য উৎসবশিল্পকলা একাডেমী নানা আয়োজনে সারা বছরই উৎসবমুখর থাকে। বাংলাদেশ শিল্পকলা ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ এক সাথে’ স্লোগান নিয়ে ২৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী নৃত্যমেলা শুরু হয়। এ ছাড়া বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে অরেন্ডা কমিউনিকেশন ও নৃত্যসংগঠন নবনৃত্যের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘স্বদেশ নৃত্য উৎসব’ আয়োজন করা হয়। একাডেমীর মূল ভবনের বাইরে নৃত্য দিবস উপলক্ষে মেলার আয়োজন করা হয়। একাডেমীর নৃত্যশালার বাইরে বেশ কিছু স্টলে নাচের মল, ঘুঙুর, নূপুরসহ নাচের সব সামগ্রী বিক্রি হয়।গোলটেবিল বৈঠকবিশ্ব নৃত্য দিবস উপলক্ষে অরেন্ডা কমিউনিকেশন ও নৃত্যসংগঠন নবনৃত্যের যৌথ আয়োজনে ‘স্বদেশ নৃত্য উৎসবের’ সমাপনী দিনে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ‘দেশের নৃত্যশিল্পের আলোকিত অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।পাঠ্যসূচিতে নৃত্যকলা অন্তর্ভুক্তির দাবিবিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রকমারি আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ২৯ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৃত্যশিল্পী তামান্না রহমান। ‘প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যসূচিতে নৃত্যকলা অন্তর্ভুক্ত করার অপরিহার্যতা’ বিষয়ে প্রবন্ধ পাঠ করা হয়। তামান্না রহমান বলেন, দেশের সংস্কৃতির জন্য নৃত্যের প্রয়োজন অনেক বেশি। শিক্ষানীতিতে যদি বিষয়টি অন্তর্ভুক্ত করা যায়, তবে সহজেই কোমলমতি শিশুদের মধ্যে নৃত্যচর্চা ছড়িয়ে পড়বে।গুণীজন সম্মাননাবিশ্ব নৃত্য দিবস উপলক্ষে নৃত্যে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। নৃত্যশিল্পী ও নির্দেশক প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানম, লায়লা হাসান, দীপা খন্দকার, আমানুল হক ও বজলুর রহমানকে আজীবন সম্মাননা প্রধান করা হয়।