আনন্দ-গানে বৈশাখ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ ১৪১৮ বরণ উপলক্ষে গত বৃহস্পতিবার বৈশাখী উৎসবে মেতে উঠে গোটা রাজধানী। বিভিন্ন স্থানে কনসার্ট, নাচ, আবৃত্তি, কাব্যনাট্য, পটগান, বাউল গান, লাঠিখেলা, পদ্মার নাচন, অষ্টক গান, নাট্য প্রদর্শনীসহ হরেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমী: বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নৃত্য, আবৃত্তি, কাব্যনাট্য, পটগান, বাউল গান ও বৈশাখী মেলা।সম্মিলিত সাংস্কৃতিক জোট: সম্মিলিত সাংস্কৃতিক জোট বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এতে ছিল একক ও দলীয় সংগীত।জাতীয় জাদুঘর: বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী পিঠা উৎসব ও কারুশিল্প মেলা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-লোকসংগীত ও কবিতা পাঠের আয়োজন করে।বৃহস্পতিবার জাদুঘরের প্রধান ফটকের সামনে সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ অজয় রায়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।গত বৃহস্পতিবার পয়লা বৈশাখকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও শিশু-কিশোরদের বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও শাখা জাদুঘরের গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রায় ২০ হাজার দর্শক বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করে।ঋষিজ শিল্পীগোষ্ঠী: শিশুপার্কের নারকেলবীথি চত্বরে ঋষিজের অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। ঋষিজের শিল্পীদের সম্মিলিত কণ্ঠে ‘বাঁধ ভেঙে দাও’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। সংগীত পরিবেশন করেন ফকির আলমগীর, মলয় কুমার গাঙ্গুলী, তিমির নন্দী, মিনা বড়ুয়া প্রমুখ। তাঁরা একে একে গেয়ে শোনান, ‘এসো হে বৈশাখ’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘সাধের লাউ’, ‘মায়ের একধার দুধের দাম’, ‘ও সখিনা’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ প্রভৃতি। এ ছাড়া দীপা খন্দকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন দিব্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে হাসান ইমাম, আবদুল জব্বার, সুবীর নন্দী, আলমগীর কুমকুম, গোলাম কুদ্দুস, বুলবুল মহলানবীশ ও তিমির নন্দীকে সম্মাননা প্রদান করা হয়।চ্যানেল আই: চ্যানেল আই নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে দিনব্যাপী বৈশাখী মেলা। উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ ছাড়া ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, রবির সিইও মাইকেল কুনার ও মিসেস কুনার, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, লেখক ইমদাদুল হক মিলন, কেকা ফেরদৌসী প্রমুখ। এ সময় দলীয় সংগীত গেয়ে রবি-চ্যানেল আই বৈশাখী মেলা অনুষ্ঠানের সূচনা করেন শিল্পীরা।মেলায় ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন করেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পীরা। মেলা সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত।উদীচী: সকাল থেকেই নতুন-পুরোনো সদস্যদের পদচারণে মুখরিত হয়ে ওঠে উদীচীর কার্যালয়। চলে দিনব্যাপী আড্ডা ও গানবাজনা।মুক্তিযুদ্ধ জাদুঘর: সকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সারগাম ললিতকলা একাডেমী: সারগাম ললিতকলা একাডেমী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ধানমন্ডি লেকের পশ্চিম পাড়ে। সকাল আটটায় একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এসো হে বৈশাখ’ এবং ‘বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে সাজো’ শীর্ষক শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে। নুহাশপল্লী: হুমায়ূন আহমেদের নুহাশপল্লীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে দিনব্যাপী উৎসব। প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদ নির্মিত দুটি চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন এবংআমার আছে জল।গুলশান ইয়ুথ ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাবের দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ক্লাব প্রাঙ্গণে পুতুলনাচ, নাগরদোলা, হস্তশিল্প প্রদর্শনী ও ছোটদের ছবি আঁকা।অন্যান্য আয়োজন: এ ছাড়া জাতীয় প্রেসক্লাব দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। সকালে ছিল ঐতিহ্যবাহী খাদ্য-সহযোগে প্রাতরাশ, সংগীতানুষ্ঠান, পুতুলনাচ, মধ্যাহ্নভোজ ইত্যাদি। ক্লাবের সদস্যরা সপরিবারে এতে অংশ নেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করে। সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির রাইফেল স্কয়ারের বিপরীতে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে রবিরাগ ও নৃত্যাঞ্চল। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা পরিষদ আয়োজন করে নববর্ষের কবিতা উৎসব। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা তাদের নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে পিঠা উৎসব ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। নন্দনপার্কে বেলা আড়াইটায় ছিল প্রাণের বৈশাখী উৎসব। অংশ নেন জেমস, মমতাজ, বিপ্লব, বাউল শফি মণ্ডল ও তিশমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বেলা দুইটায় অনুষ্ঠিত কনসার্টে এলআরবি, সোলস, মাইলস, ওয়ারফেজ, আর্টসেল ও দলছুট অংশ নেয়।