
দলটার ট্যাগ লাইন, ‘আনন্দ আসবেই’। এই আনন্দের সন্ধান করে বেড়ান দলের চারজন। লিপপু অসীম, ইমরান হোসেন, বাসুদেব সিকদার ও সাইফ রহমান। অল্প কিছুদিন হলো এই দলে যোগ দিয়েছে ১১ বছর বয়সী সাহাদাৎ। চারজন মিলে সাহাদাতের নাম দিয়েছেন ‘আনন্দ’। এই নতুন আনন্দকে নিয়েই পুরো দলটা আনন্দনগর।
গল্প হচ্ছে নতুন গানের এ দলটা নিয়ে। এই দলটাকে চেনানোর সুবিধার্থে ছোট্ট একটা ঘটনার কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে। দলের প্রধান ইমরান হোসেন কিছুদিন আগে কক্সবাজারের শিশুশিল্পী জাহিদকে পরিচয় করিয়ে দিয়েছেন ইউটিউবের মাধ্যমে। জাহিদের গাওয়া ‘মধু হই হই’ গানটির সঙ্গে ইউকেলেলে বাজিয়েছিলেন যে ছেলেটি, তাঁর নামই ইমরান।
এ রকম করেই সাহাদাৎকে আবিষ্কার করেছেন ইমরান। দলের অন্যদেরও এ রকম করেই ‘আবিষ্কার’ করেছেন তিনি। কারও সঙ্গে দেখা হয়েছে কোনো কনসার্টে, কারও সঙ্গে শাহবাগের ছবির হাটে। তারপর মনে মনে মিলে যাওয়ায় একসঙ্গে ২০১৫ সালের মাঝামাঝি গড়ে তোলেন আনন্দনগর। অনেকেই এটিকে ব্যান্ড বলেন। কিন্তু ইমরান ব্যান্ড বলতে নারাজ। বলেন, ‘এটা একটা সংঘ। লালন ফকিরদের যেমন সংঘ ছিল, সে রকম।’
লিপপু আরও একটু যোগ করেন, ‘আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। লালনের আখড়া থেকে শুরু করে বাউলদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। মানুষকে আনন্দ দিই। মজা করি। তাই এটাকে গতানুগতিক ব্যান্ড বলা যায় না।’
গত সপ্তাহে প্রথম আলো কার্যালয়ে বসে এসব গল্প জানালেন আনন্দনগরের সদস্যরা। তাঁদের সেই ‘মজার’ গল্প ডালপালা মেলল একেকজনের কথায়।
বাসু বললেন, ‘আমরা কিন্তু সবাই ভোকাল। শুধু তা-ই নয়, আমরা ৫ জন মিলে মোটামুটি ১২-১৩টি দেশীয় বাদ্যযন্ত্র বাজাই।’
তালিকাটা দিলেন সাইফ। ‘আমরা মঞ্চে উঠলে একসঙ্গে একতারা, দোতারা, খঞ্জনি, বায়া, খমক, ঝুমুর, বোকা, ঢোল, খোল, ইউকেলেলে, রাবারসহ বেশ কিছু যন্ত্র বাজাই। এর বেশির ভাগই দেশীয় যন্ত্র।’
কথার ফাঁকে হাতে রাখা দোতারায় টুং করে আওয়াজ তোলেন লিপপু। সাহাদাৎ মুখে বাঁশি তুলে নেয়। ইউকেলেলে হাতে নিয়ে ইমরানও প্রস্তুত। তাঁরা গান ধরেন। সেটা থামলে আনন্দনগরের মাঝি ইমরানের কাছে জানতে চাই, ‘আনন্দনগর কী ধরনের গান দিয়ে নিজেদের চেনাতে চায়?’
কথা শেষ হওয়ার আগেই উত্তর দেন ইমরান, ‘আমরা লোকগানগুলো করতে চাই। বাউলগান, লালন, হাছন রাজার গানগুলো করি। এই গানগুলো নিয়ে মঞ্চে উঠলে শ্রোতাদের ব্যাপক সাড়া পড়ে। আর নিজেদের মধ্যেই একটা আলোড়ন ওঠে।’
এক ফাঁকে ‘মিলন হবে কত দিনে’ শুনিয়ে দেন খালি গলায়।
তবে আনন্দনগরের কাজ শুধু গান করাই নয়, মানুষের মাঝে আনন্দ বিলানোও একটা বড় কাজ। সেই আনন্দ বিলানোটা যে শুধু গানের মাধ্যমে করে এই দল, তা নয়। কখনো বৃদ্ধাশ্রমে যায় গান শোনাতে, কখনো দাঁড়ায় সুবিধাবঞ্চিতদের পাশে, আবার শীতবস্ত্র বিতরণ করতে চলে যায় দেশের উত্তরে।
ইমরান বললেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যে সম্মানী পাই, তার একটা অংশ ব৵য় করি সুবিধাবঞ্চিত মানুষের জন্য। এতে নিজেরা যেমন আনন্দে থাকি, তেমনি যাদের জন্য করি তারাও খুশি হয়। এটা একটা বড় শান্তি।’
কথা শেষ করার পর মুহূর্তে জানালেন, খুব তাড়াতাড়ি আরও কিছু সুখবর নিয়ে আসবে আনন্দনগর। যে সুখবরের সঙ্গে মাতবে দেশ। এমন একটা অপ্রকাশিত বার্তা দিল পুরো আনন্দনগর।