
পুঁথিপাঠে ভাষা আন্দোলন আর গম্ভীরায় সমুদ্রে মানবসন্তান ফেলে দেওয়ার বর্ণনা এবং শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী—সব মিলিয়ে পৌনে এক ঘণ্টা। পরিবেশনারীতি পুরোনো, পরিবেশনটা অভিনব। সব মিলিয়ে নাটমণ্ডলে গতকাল বিকেলে মঞ্চস্থ স্বদেশি নকশা নাটকটি দর্শকদের আনন্দ দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ গতকাল বুধবার বিকেলে নাটক প্রদর্শনী ও বিশেষ বক্তৃতার আয়োজন করে। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ওয়াহিদা মল্লিকের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ নেন কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ কামাল উদ্দীন। বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য দেন।
আলোচনার পর অন্ধকার মঞ্চ থেকে ভেসে আসে বাঁশির লোকজ সুর। শুরু হয় নাটক স্বদেশি নকশা। মঞ্চের পেছনে যন্ত্রীরা। মাঝে দুই শিল্পী। পুঁথির সুরে সুরে তাঁরা বর্ণনা করেন ভাষা আন্দোলন। একে একে কিচ্ছা, ঘাটু ও গম্ভীরা পরিবেশনারীতিতে উঠে আসে মুক্তিযুদ্ধ, সমকালীন আর্থসামাজিক-রাজনৈতিক অসংগতি। ইতিহাস ও সমকালীনতার মাধ্যমে মনুষ্যত্বের জয়গান গেয়েছেন শিল্পীরা।
স্বদেশি নকশা নাটকটি নির্দেশনা দিয়েছেন রহমত আলী। এটি পরিবেশন করেছে বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইরা আহমেদ ও ক্যাথরিন পিউরিফিকেশন। তাঁদের সহযোগিতা করেছেন স্নাতকের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।