
অপেক্ষার পালা শেষ। মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৪-এর অনুষ্ঠানে এবার আসর আলোকিত করবেন কারা—কোন কোন তারকা? জানা যাবে আগামীকাল। তারপর সেই মাহেন্দ্রক্ষণ—আগামী কাল সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে বর্ণাঢ্য তারকা মেলা।
এই আয়োজন ঘিরে সবার মধ্যে এখন বেশুমার তর্ক-বিতর্ক। কারা হবেন ২০১৪ সালে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনে সেরা? তারকা জরিপ পুরস্কারের জন্য এর মধ্যে দর্শক-শ্রোতারা তাঁদের প্রিয় তারকাদের ভোট দিয়েছেন। সেই ভোটে চূড়ান্তভাবে বিজয়ী হয়ে অবশেষে কোন কোন শিল্পী পরবেন সেরাদের সেরার শীর্ষ মুকুট, জানতে পারবেন আর মাত্র কয়েক ঘণ্টা পর।
সমালোচকদের রায়ে এবারের শ্রেষ্ঠ শিল্পী কারা? এ বছর আজীবন সম্মাননা লাভ করছেন কোন গুণীজন?—উহু, এখনই বলা যাবে না সেটি, করতে হবে অপেক্ষা।
পাঠক না হয় অপেক্ষা করলেন; কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে তারকারা কী করছেন এখন? দর্শক-শ্রোতাদের মতো তাঁদের উৎকণ্ঠাও তুঙ্গে। কাল তো তাঁরাই আসর ভরিয়ে তুলবেন নানা পরিবেশনার সমাহারে।
এবারের অনুষ্ঠানে থাকছে মুহুর্মুহু চমক—অনেক তারকা, মহাতারকার দেখা মিলবে অনুষ্ঠানে। আপনার প্রিয় তারকাদের অনেকেই যুক্ত থাকবেন অনুষ্ঠানের নানা পর্বে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ কালকের এ অনুষ্ঠান কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য। কিন্তু তাই বলে অনুষ্ঠানটি দেখতে না পারার দুঃখে আপনি মন খারাপ করবেন, এটা হবে না। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশনে। তাই অনুষ্ঠানটি এবার দেখতে পাবেন সবাই।