আনন্দঘন পরিবেশে শিশুদের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলে আকাশের রং গেল বদলে। সূর্য ঢাকা পড়ল ভুসোকালিমাখা মেঘের আড়ালে। দমকা হাওয়া ঝাপটা দিতে শুরু করল নতুন পাতায় ভরা গাছগাছালির শাখায়। এই বুঝি নেমে পড়ে বৃষ্টি। এত আনন্দের আয়োজনটি না তাতে ভেস্তে যায় শেষে। কিন্তু ততটা বিরূপ হলো না প্রকৃতি। আকাশ মেঘলা হয়েই থাকল, যদিও বৃষ্টি এল না। নির্বিঘ্নেই সম্পন্ন হলো খুদে পাঠকদের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান।গতকাল থেকে শিশু একাডেমীর প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে শুরু হলো ১০ দিনের শিশু একাডেমী বইমেলা। ‘গড়তে দেশ পড়ব বই/ জ্ঞানের আলোয় দীপ্ত হই’ স্লোগান নিয়ে এ মেলা চলবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত। মেলায় স্টল রয়েছে ৬২টি, অংশ নিয়েছে ৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। শিশু একাডেমীর উদ্যোগে তৃতীয় বারের মতো আয়োজিত হলো শিশু বইমেলা। এবারই প্রথম মেলায় সহযোগী হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। পৃষ্ঠপোষকতায় রয়েছে অগ্রণী ব্যাংক।ছুটির দিনে গতকাল দুপুরের পর থেকেই শিশু একাডেমীর সাংস্কৃতিক কার্যক্রম ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও মেলায় অংশ নিতে উৎসাহী শিশু-কিশোরেরা তাদের অভিভাবকদের নিয়ে আসতে থাকে একাডেমীতে। প্রথম দিনের মেলায় বেচাকেনার চেয়ে আনন্দ-উৎসবটিই ছিল মুখ্য। শিশু-কিশোরদের দল বেঁধে হইচই-ছোটাছুটিতে একাডেমীর প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ২৫ শতাংশ ছাড়ে মেলা থেকে বই কেনা যাবে। তবে ৫০০ টাকার বেশি বই কিনলে ছাড় পাওয়া যাবে ৩০ শতাংশ।এই আনন্দঘন পরিবেশে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ই ম গোলাম কিবরিয়া। আলোচনা করেন একাডেমীর পরিচালক নূরুজ্জামান এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর চিত্রাঙ্কন, রচনা, অভিনয়, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ কর হয়।মেলা প্রাঙ্গণে অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন ও অনুপমের মিলন নাথ জানালেন, এ মেলায় বিক্রিটা মুখ্য নয়। মেলায় এসে শিশুরা বই দেখুক, বইগুলো সম্পর্কে জানুক। এতে তাদের পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। ছোটদের এ বইমেলাকে হরতালের মতো সব রাজনৈতিক কর্মসূচিমুক্ত রাখার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।মেলা কর্মদিবসে বেলা তিনটা থেকে রাত আটটা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রতিদিনই থাকবে আলোচনা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সিসিমপুরের পরিবেশনা, বাংলাদেশ ঘুড়ি ফেড়ারেশনের তত্ত্বাবধানে ঘুড়ি ও ফানুস তৈরির কর্মশালা এবং অনুসন্ধিৎসু চক্রের আয়োজনে সন্ধ্যায় আকাশ পর্যবেক্ষণ। শিশু দিবসের আয়োজনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ছিল গতকাল ১৭ মার্চ। দিনটি সারা দেশে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস হিসেবে। রাজধানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।শিল্পকলা একাডেমী: বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই ছিল বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য দেন একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।পরে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ। সমবেত সংগীত পরিবেশন করে পিপলস লিটল থিয়েটার ও রনতা শিল্পীগোষ্ঠী। দলীয় আবৃত্তি করে কল্পরেখা এবং নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেয় শিশুশিল্পী মো. ফিরোজ মিয়া। জাতীয় জাদুঘর: তরুণ শিক্ষার্থীদের নিয়ে সকালে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে ছিল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন বেবী মওদুদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদক অধ্যাপক ফখরুল আলম ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। স্বাগত বক্তৃতা করেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিকেলে ছিল শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। অপরাজেয় বাংলাদেশ, খেলাঘর এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের শিশু-কিশোরেরা সংগীত পরিবেশন করে।