আনন্দলোকে
৫ নভেম্বর, সকাল সোয়া ১০টা। অশ্রুসজল হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজির সজল। রক্তবর্ণ চোখ, সে চোখে আবার পানি। এতটা দুঃখ পাওয়ার কারণ কী? ‘আর বলবেন না! সারা রাত ঘুমোতে পারিনি। ঠান্ডা লেগেছে।’ কিন্তু সব কষ্ট উধাও হয়ে গেল যখন সজল ‘আনন্দ’ স্টলের সুসজ্জিত সোফায় আসন গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যেই মৌমাছির মতো ছুটে এলেন সজলের কয়েকজন ভক্ত। তাঁদের দলগত অনুরোধ—নায়কের সঙ্গে ছবি তুলবেন। সহাস্যে সজল তাঁদের দাবি মেটালেন। বেরসিক পরিচালকের বারবার ফোন পেয়ে একসময় এই মিলনমেলার মায়া ছেড়ে চলেও গেলেন। যাওয়ার সময় এটুকু শুধু বললেন, ‘আজ এখানে না এলে খুব বড় আনন্দ থেকে বঞ্চিত হতাম।’সজলের প্রস্থান। আনিসুর রহমান মিলনের আগমন। তিনি এসেছেন জিন্না কসাই শুটিংয়ের সেট থেকে। এসেই হুড়োহুড়ি। ছুটির দিন থেকে নকশা, নকশা থেকে রস+আলো, অবশেষে ‘আনন্দ’ স্টলেই থিতু হলেন। নিজেই বললেন, ‘কেমন যেন ঈদ-ঈদ লাগছে।’ প্রথম আলোর যুগপূর্তির সে দিনের আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত। এমনকি তারকাদের জন্যও কোনো বাঁধাধরা সময় ছিল না। চিত্রনায়িকা দিতি এলেন বেলা সাড়ে ১১টার দিকে। ‘মন বেশ খারাপ, আমার বান্ধবী (সালমান শাহের খালা) মারা গেছেন। বাসায় মা অসুস্থ। তাও এত বড় অনুষ্ঠানকে মিস করতে চাইনি।’ আনন্দ স্টলে বসামাত্র ভক্তরা হাজির। এক ভক্ত ভিড় ঠেলে সামনে এগিয়ে খুব কঠিন মুখ করে জিজ্ঞাসা করলেন, ‘আপনি এখনো এত সুন্দর আছেন কী করে?’ প্রশ্নের ধরন দেখে না হেসে পারেননি দিতি। উত্তর দিলেন অল্প কথায়, ‘আপনাদের দোয়া এবং ভালোবাসা সঙ্গে আছে। তাই এখনো ভালো আছি।’ দিতি থাকা অবস্থাতেই এলেন বাঁধন। সদ্য বিবাহিতা বাঁধনকে পেয়ে শুভেচ্ছা জানাতে ভুল করেননি দিতি। আহ্লাদিত হয়ে বাঁধন বলেন, ‘আজ এত মজা হচ্ছে! সবার সঙ্গে দেখা হচ্ছে। অনেক দিন পর কোনো মেলায় এসে এত ভালো লাগছে।’ মনের মানুষ-এর পরিচালক গৌতম ঘোষকে নিয়ে তখন মিলনায়তনে হাজির ফরিদুর রেজা সাগর, সঙ্গে শহীদুল আলম সাচ্চু। আনন্দ স্টলে চলছে তাঁদের তুমুল আড্ডা। সাবেক লাক্স-চ্যানেল আই সুপার স্টার বিদ্যা সিনহা মিম এসে তাঁর সিনিয়র সুপার স্টার বাঁধনের সঙ্গে মিশে গেলেন। দুজনে মিলে মেয়েলি আড্ডার আসর বসালেন। কান পেতে যতটুকু শোনা গেছে, তার সারমর্ম এই——আপু, কাল না তোমার বিয়ের ছবি আম্মুকে দেখিয়েছি। যা লেগেছে না তোমাকে!—সত্যি?—শাড়িটা কোত্থেকে কিনেছ?শারমীন লাকী হাজির তাঁর ছেলে শায়েরকে নিয়ে। গর্বিত মা বললেন, ‘ছেলে আমার কোথাও যেতে চায় না। আজ কোনো অনুষ্ঠানে ছেলের সঙ্গে আসতে পেরে বেশ ভালো লাগছে।’ শায়ের নাকি বড় হয়ে চলচ্চিত্র সমালোচক হতে চায়। এ কথা শারমীন লাকী জানাতেই শায়েরের মুখে প্রতিবাদ, ‘আমি বড় হয়ে ব্যবসায়ী হতে চাই।’ মা বিস্মিত বললেন, ‘তাই! কই, কখনো তো বলোনি...!’ চলছিল মা-ছেলের কথোপকথন। তার মধ্যে কে এসে জানাল, ছুটির দিনের স্টলে কাওসার আহমেদ চৌধুরী হাত দেখছেন। বাঁধনকে সঙ্গে নিয়ে মা-ছেলে দে ছুট। বাঁধনকে কাওসার আহমেদ চৌধুরী জানালেন, ২০১১ সালের জুন-জুলাই পর্যন্ত সাফল্য তাঁর জীবনে আলো ছড়াবে। লাকীর ছেলে শায়েরের সংগীতের প্রতি ঝোঁক আছে—এই অনুমানটি করা মাত্রই লাকী বিস্মিত। যাওয়ার সময় বিড়বিড় করে বলছিলেন, ‘কী করে বুঝলেন কাওসার ভাই? হি ইজ রিয়েল জিনিয়াস!’মাকে নিয়ে সেদিন সবচেয়ে বেশি সময় আনন্দ করেন বিদ্যা সিনহা মিম। মিমের চঞ্চলতা দেখে পাশ থেকে এক ভক্ত ফোড়ন কাটেন, ‘মেয়েটা কিশোরী নাকি তরুণী—কিছুই বুঝে উঠতে পারছি না।’ মৃদু হাসেন মিম। হাজির ইমন, নিরব ও সারিকা। আজকাল প্রায় সব অনুষ্ঠানেই নিরব-সারিকা একসঙ্গে হাজিরা দিচ্ছেন। ইমন-নিরবের সেদিন প্রীতি ফুটবল ম্যাচ ছিল। ইমন বলেন, ‘ক্ষুধা পেয়েছে। খেয়েদেয়ে দ্রুত স্টেডিয়ামে যেতে হবে। দোয়া করবেন, যাতে গোল দিতে পারি।’ মধ্যাহ্নভোজে মাকে নিয়ে হাজির শখ। সম্প্রতি তাঁর ছবি বলো না তুমি আমার মুুক্তি পেয়েছে। একজনকে অভিমানের সুরে শখ বলছিলেন, ‘আমার ছবি দেখেছ তো? না দেখলে কথা বলব না!’ পাশ থেকে একজন বললেন, ‘শখ, আমি দেখেছি। তোমাকেই খুঁজছে বাংলার দর্শক। অনেক ভালো লেগেছে।’সদা হাস্যময়ী দিহান হাজির। সঙ্গে চমকপ্রদ খবর। কিন্তু চমকটা তখনই ফাঁস করতে চাইলেন না। শুধু ইঙ্গিত দিলেন, খুব শিগগিরই তাঁর জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। লাক্স-চ্যানেল আই সুপার স্টার ২০০৭-এর সেরা ৫-এ থাকা মডেল, অভিনেত্রী জয়া, সেরা কণ্ঠ বিজয়ী কোনাল, অভিনেত্রী মিম এবং সংবাদ পাঠিকা, মডেল, অভিনেত্রী ফারহানা নিশো এলেন প্রায় একই সময়ে। নিশো এসে বসলেন দুই মিমের মাঝখানে। নতুন মীমের সঙ্গে একই পণ্যের বিজ্ঞাপনচিত্রে সম্প্রতি কাজ করেছেন নিশো। তাই তাঁর সঙ্গেই ভাবটা বেশি। পুরোনো মীমকে (পিচ্চি মীম খ্যাত) বেশ বিষণ্ন দেখাচ্ছিল। তা দেখে নতুন মিম বলেন, ‘আপু, বিয়ে করবা কবে? যেভাবে সবার বিয়ে হচ্ছে, তাতে মনে হচ্ছে ২০১০ সালে বিয়ে না করলে আর কখনো কারও বিয়ে হবে না! হা হা হা।’ নতুন মিমকে প্রশ্ন করা হয়, ‘তোমার বিয়ে কবে?’ ‘আমি তো এখনো পিচ্চি। আমার কোনো প্রেমিকও তো নেই!’ ‘কেন নেই?’ ‘আমি যেমন আছি, তেমন রব, প্রেমিকা হব না রে...!’দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এর বেশি ভালোবাসা যায় না খ্যাত শফিক তুহিন, রূপম, মিলন মাহমুদ, আরেফিন রুমী একে একে আনন্দ স্টল ঘুরে গেলেন। ‘মাইনাস’ স্ত্রী এলেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘বউ কোথায়?’ এই প্রশ্ন সবার মনে। ‘ভাই, ও শুটিংয়ে। আজ মনে হয় না আসতে পারবে!’ মৌসুমী এলেন। ছড়িয়ে দিলেন তাঁর চিরচেনা ভুবনবিজয়ী হাসি। তাঁকে দেখে ফাহমিদা নবীর উচ্ছ্বাস—‘ওরে! এই মেয়েটা দিন দিন আরও সুন্দরী হচ্ছে। আরও শুকিয়েছ দেখি! এত সুন্দর হওয়া লাগবে না! হা হা হা।’ মৌসুমী বললেন, মেয়ে ফাইজা তাঁকে জুতা ঠিক করে দিয়েছে। মৌসুমীর সাজগোজের ব্যাপারে ফাইজার সব সময়ই সজাগ দৃষ্টি। আনন্দ স্টলে ঘুরতে ঘুরতে মৌসুমী বলেন, ‘ইদানীং বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হতে ইচ্ছা করে না। তবে আজ এখানে এসে খুব ভালো লাগছে। উৎসব-উৎসব পরিবেশ!’আনন্দ-এর স্টল সেদিন সত্যি মুখর হয়ে উঠেছিল তারকাদের পদচারণায়।