বাইরে মেঘলা আকাশ আর ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনের ভেতরে ছিল খুদে শিল্পীদের গান ও নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। গতকাল শুক্রবার ছুটির দিনে দর্শকদের সমাগমও হয়েছিল অনেক। সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার সুবিধাবঞ্চিত শিশুদের সংগীত প্রকল্প মিউজিক ফর ডেভেলপমেন্ট (এমএফডি) এই অনুষ্ঠানের আয়োজন করে।সুরের ধারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে এমএফডি ও সুরের ধারার শিশুশিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি।অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারার এ ধরনের উদ্যোগ আমাদের দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।’অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এই কর্মকাণ্ড হয়তো গোটা সমাজকে বদলে দিতে পারবে না, কিন্তু সমাজের একটি অংশকে বদলে দিতে সক্ষম হবে।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, এই শিশুরা একদিন সামনের দিকে এগিয়ে যাবে এবং এদের মধ্য থেকে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এই কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের মানবিক গুণাবলি বিকশিত করতে ভূমিকা রাখবে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ। দ্বিতীয় পর্বে শিশুশিল্পীরা পরিবেশন করে সমবেত ও একক গান, নৃত্য, কবিতা।সমবেত গানের মধ্যে ছিল ‘জগৎ জুড়ে উদার সুরে’, ‘পিটপিট মিটমিট’, ‘মন মোর মেঘের সঙ্গী’। কবিতার মধ্যে ছিল ‘তিনি ছোটদের তিনি বড়দের’, ‘কাজের লোক’। একক সংগীতের মধ্যে ছিল ‘ওদের সাথে’, ‘বুলবুল পাখি’, ‘সাধের লাউ’। ‘মোর ঘুম ঘোরে’, ‘ধানের ক্ষেতে’, ‘হূদয় আমার নাচেরে’ গানের সঙ্গে নৃত্য। অনুষ্ঠানের শেষে পরিবেশনা ছিল ভেজালবিরোধী একটি নাটক।