ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয়েছে আনন্দীর প্রথম অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি উত্সর্গ করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হককে। কথা হলো আনন্দীর পরিচালক ইফফাত আরা দেওয়ানের সঙ্গে।আনন্দী নিয়ে কিছু বলুন।আনন্দী একটি রাগের নাম। এর আরেকটা নাম আছে—আনন্দ কল্যাণ। সেখান থেকেই নামটা নিয়েছি। এটি একটি সংগঠন। এখান থেকে মাঝে মাঝে অনুষ্ঠানের আয়োজন করব। এই যেমন যন্ত্রসংগীত, আধুনিক গান, পুরাতনী বাংলা গান, পঞ্চ কবির গান, নৃত্যানুষ্ঠান। বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে। সেটা একক, দ্বৈত, ত্রয়ী আবার সমবেতও হতে পারে। আজকের অনুষ্ঠানটি ওয়াহিদ ভাইয়ের জন্য শ্রদ্ধাঞ্জলি। যাঁরা তাঁর খুব কাছাকাছি ছিলাম এবং ছাত্রছাত্রী—সবাই আজ গান করব।আনন্দীর অনুষ্ঠানগুলোর জন্য দর্শকদের টিকিট কিনতে হবে?মোটেই না। আমরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। এই তো, সামনে যন্ত্রসংগীতের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। আমাদের দেশ থেকে তো সংগীতের অ্যাকুয়িস্টিক যন্ত্র এবং শিল্পী হারিয়ে যেতে বসেছে। এ ধরনের অনুষ্ঠানের ফলে একদিকে শিল্পীরা যেমন সম্মানিত হবেন, অন্যদিকে অনেকেই এসব যন্ত্রের ব্যাপারে আগ্রহী হবে।আপনার গানের নতুন অ্যালবাম কবে পাচ্ছি?পঞ্চাশ ও ষাটের দশকের গান নিয়ে আর অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গানের দুটি অ্যালবাম তো তৈরি হয়েই আছে। বেঙ্গল ফাউন্ডেশন থেকে শিগগিরই এগুলো বাজারে আসবে। সামনে আপনার একক গানের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে?৯ ফেব্রুয়ারি বেঙ্গল ফাউন্ডেশন অর্থনীতিবিদ অলকানন্দা দাশগুপ্ত প্যাটেলের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে একক গান করব। ১৪ ফেব্রুয়ারিতে সিলেটে বসন্ত উত্সবে আমার একক গানের অনুষ্ঠান হবে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মে মাসে কলকাতায় পঞ্চকন্যা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুনেছি, কলকাতা থেকে ইন্দ্রানী সেন ও অরুন্ধতী হোম চৌধুরী এবং মুম্বাই থেকে লতা মুঙ্গেশকর ও আশা ভোঁশলে এই অনুষ্ঠানে গান করবেন।বিনোদন প্রতিবেদক