বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ সন্ধ্যায় প্রচারিত হবে ইংরেজি শেখার অনুষ্ঠান ‘বিবিসি জানালা মজায় মজায় শেখা’। প্রথমটির মতো দ্বিতীয় সিরিজেও অভিনয় করছেন কামাল বায়েজিদ। কথা হলো তাঁর সঙ্গে।‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানের ‘কামালস ওয়ার্ল্ড’ অংশটি বেশ জনপ্রিয়। কেমন লাগছে? প্রথম সিরিজে কাজ করার সময় আনন্দের পাশাপাশি অনেক বেশি উত্তেজনা বা চাপ অনুভব করেছি। কিন্তু এবার পুরোপুরি আনন্দ নিয়ে কাজ করেছি। বিবিসি যে লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি করছে তা হলো ‘লার্ন উইথ ফান’, অর্থাৎ আনন্দের মধ্য দিয়ে ইংরেজি শেখা। আমার ওপর দায়িত্ব ছিল বিষয়টি ভালোভাবে ফুটিয়ে তোলা। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় সিরিজে দর্শক নতুন কী কী দেখতে পাচ্ছে?এবার সিরিজে কিছু গেম আছে, এগুলো একেবারেই নতুন। গেমগুলো দেখে দর্শক আরও বেশি আনন্দ পাবে এবং ইংরেজি শেখাটা আরও বেশি সহজ আর উপভোগ্য হবে। আপনি ঢাকা থিয়েটারের সদস্য। সম্প্রতি লন্ডনে গ্লোব থিয়েটারে আপনারা ‘টেম্পেস্ট’ নাটকের প্রদর্শনী করেছেন। কেমন অভিজ্ঞতা হলো?গ্লোব থিয়েটার নাট্যকর্মীদের কাছে তীর্থভূমির মতো। আমার সেই তীর্থ দর্শন হয়েছে। চার মাস কঠোর পরিশ্রম করেছি সবাই। গ্লোব থিয়েটারে নাটকটির প্রদর্শনী শেষে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছি। প্রায় এক হাজার ৪০০ দর্শক ছিল হলে। সবাই দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। সবার মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে অন্য রকম অনুভূতি হয়েছিল তখন। এবার টিভি নাটকে অভিনয়ের কথা বলুন।নক্ষত্রের মাঝে নামের নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে। আরও কয়েকটি নাটকের কাজ করছি।