আনিসুজ্জামানকে নিয়ে নির্মিতব্য তথ্যচিত্র 'বাতিঘরে'র চিত্রগ্রহণ শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যচিত্র ‘বাতিঘর’র চিত্রগ্রহনের একটি মুহূর্ত।
তথ্যচিত্র ‘বাতিঘর’র চিত্রগ্রহনের একটি মুহূর্ত।

সংস্কৃতিকর্মী ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম নির্মাণ করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে ‘বাতিঘর’। ইতিমধ্যেই এই তথ্যচিত্রের চিত্রগ্রহণ কলকাতা, খুলনা শহরের বিভিন্ন স্থানে এবং লন্ডনে ধারণ করা হয়েছে।
নির্মাতা মাসুদ করিম জানান, অতিসম্প্রতি কলকাতায় এর শেষ পর্যায়ের চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আনিসুজ্জামানের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পারিবারিক সদস্য ছাড়াও দুই বাংলার স্বনামধন্য ব্যক্তিরা নিজেদের দৃষ্টিকোণ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে মূল্যায়ন করেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, লন্ডনপ্রবাসী সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি নাসির আহমেদ এবং পশ্চিমবঙ্গ থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ।
মাসুদ করিম জানান, ‘বাতিঘর’ ২০১৭–এর ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের ৮০তম জন্মদিনে ঢাকায় এর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে কলকাতা, টোকিও ও লন্ডনে এর প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি বলেন, এই তথ্যচিত্রে জানা যাবে আনিসুজ্জামানের কর্ম ও জীবনভিত্তিক অনেক অজানা কথা। জীবনের নানান প্রতিকূলতার স্মৃতি উঠে আসবে এই তথ্যচিত্রে, যা কিনা আনিসুজ্জামানকে নিয়ে যাঁরা ভবিষ্যতে গবেষণা করবেন, তাঁদের কাছে এটি সহায়ক ভূমিকা রাখবে।
নির্মাতা মাসুদ করিম ইতিপূর্বে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবনভিত্তিক তথ্যচিত্র “কৃষ্ণকলি” নির্মাণ করেন।