‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ঢুকি, তখন যাঁরা শিক্ষক ছিলেন, তাঁদের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তাঁদের কথা যখন স্মরণ করি, তখন নিজেকে খুবই ছোট মনে হয়। তাঁদের বিশাল ব্যক্তিত্ব, পাণ্ডিত্য ও কৃতির তুলনায় আমি খুবই সামান্য কিছু করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় কিংবদন্তিতুল্য শিক্ষকেরা অধ্যাপনা করে গেছেন। তাঁদের স্মৃতি ধারণ করে আমি চেষ্টা করেছি আমার বিভাগের প্রতি অনুগত থাকা, আমার ছাত্রছাত্রীদের প্রতি কর্তব্য পালন করা এবং শিক্ষকের যেটা আবশ্যকীয় কাজ—কিছু গবেষণা করতে। ভবিষ্যৎই বলতে পারবে, আমি কতটুকু সফল হয়েছি।’ কথাগুলো অধ্যাপক আনিসুজ্জামানের।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাটকের দল দৃশ্যপট আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করে এ কথাগুলো বলেছেন অধ্যাপক আনিসুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পর মঞ্চস্থ হয় দলটির আলোচিত প্রযোজনা সক্রেটিসের জবানবন্দী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনিসুজ্জামানকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেন দুই খুদে শিক্ষার্থী। এরপর পাঠ করা হয় এই বরেণ্য শিক্ষাবিদের বর্ণাঢ্য জীবনী। দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পিকলু বকশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলপ্রধান আলী মাহমুদ।