আনুশকার জন্য রণবীরের ওপর দীপিকার নজরদারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা-রণবীর-আনুশকা
দীপিকা-রণবীর-আনুশকা

সম্প্রতি সাবেক প্রেমিকা আনুশকা শর্মার প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি তাঁর পক্ষে সাফাই গেয়েছেন রণবীর সিং। এ ছাড়া ‘দিল ধাড়াকনে দো’ ছবিতেও অন্তর্ভুক্ত হয়েছেন রণবীর ও আনুশকা। এসব কারণে সম্ভবত রণবীরকে নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাঁর বর্তমান প্রেমিকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নতুন ছবিটিতে দীপিকা কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করায় গুঞ্জন উঠেছে, প্রেমিকের ওপর নজরদারি চালানোর জন্যই ছবিটিতে কাজ করতে চাইছেন দীপিকা।   
২০১০ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় রণবীর সিংয়ের। ছবিটিতে আনুশকা শর্মার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন নবাগত রণবীর। পরে অবশ্য টেকেনি সেই প্রেম। গত বছর মুক্তি পাওয়া ‘রাম-লীলা’ ছবির সহ-অভিনেত্রী দীপিকার সঙ্গে রণবীরের প্রেমের বিষয়টি এখন প্রায় নিশ্চিত। জনসমক্ষে প্রেমের কথা স্বীকার না করলেও বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে এক সঙ্গেই দেখা যাচ্ছে। কিন্তু সম্প্রতি রণবীর তাঁর সাবেক প্রেমিকা আনুশকার প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় গোল বেধেছে। শুধু তা-ই নয়, সাবেক প্রেমিকার পক্ষে সাফাইও গেয়েছেন রণবীর। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 

দীপিকা-রণবীর-আনুশকা
দীপিকা-রণবীর-আনুশকা


এর পরপরই শাবানা আজমি-জাভেদ আখতার তনয়া জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেন দীপিকা। দীপিকা বলেন, ‘ছবিটির চিত্রনাট্য আমার কাছে খুবই ভালো লেগেছে। যেকোনো উপায়ে ছবিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এমনকি সহকারী পরিচালক হিসেবেও কাজ করতে রাজি আছি আমি। কিন্তু আমি নিশ্চিত নই তা সম্ভব হবে কি না!’
ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা। এ ছাড়া হোমি আদজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি ফার্নান্দেজ’ ছবিও রয়েছে দীপিকার হাতে। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা অর্জুন কাপুর। সুজিত সিরকারের ‘পিকু’ ছবিতেও অভিনয় করবেন দীপিকা। ছবিটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, ইরফান খান প্রমুখ।
হাতে এত কাজ থাকার পরও ভালো চিত্রনাট্যের দোহাই দিয়ে ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে দীপিকা কেন কাজ করতে চাইছেন তা নিয়ে নানা কানাঘুষা উঠেছে। অনেকেই বলাবলি করছেন, এর আগে একাধিকবার প্রেমিক হারিয়েছেন দীপিকা। তাঁর আশঙ্কা, আনুশকার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে গিয়ে পাছে আবার সাবেক প্রেমিকার প্রতি রণবীরের পুরোনো প্রেম না জেগে ওঠে! ছবির সেটে রণবীরকে সব সময় চোখে চোখে রাখার উদ্দেশ্যেই যেকোনো উপায়ে ছবিটিতে সম্পৃক্ত হওয়ার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন দীপিকা।