আনুশেহর একক অ্যালবাম ‘রাই’
বাংলা ব্যান্ড আর একই সঙ্গে আনুশেহর সংগীতজীবন ১৩ বছর। এবারই প্রথম নিজের একক অ্যালবাম করছেন আনুশেহ আনাদিল। এরই মধ্যে অ্যালবামের কাজও শুরু করেছেন। তাড়াহুড়ো নেই। একটু একটু করে এগোচ্ছেন। জানালেন, তারিখ এখনো চূড়ান্ত করেননি, তবে এ বছরই বের করবেন।কলকাতায় পাঁচ দিন কাজ করে গত শুক্রবার তিনি দেশে ফিরেছেন। এর আগে অ্যালবামের কাজে আরও একবার কলকাতায় গিয়েছিলেন।এই দীর্ঘ ১৩ বছরে শতাধিক গান লিখেছেন এবং তাতে সুর দিয়েছেন আনুশেহ। সেখান থেকেই ১০টি গান করছেন এই অ্যালবামে।অ্যালবামের নাম দিয়েছেন রাই। আনুশেহ বললেন, ‘সব কটি গানের কথাই বিনোদিনী বা রাইয়ের চোখ দিয়ে দেখা। আর আমি বলব, আমার সঙ্গে আমার আমির সম্পর্ক নিয়ে। এই দীর্ঘ পথচলায় নিজে যা বুঝেছি বা ভাবছি, সেগুলোই গানের কথার মধ্য দিয়ে বলতে চেয়েছি।’আনুশেহর এই অ্যালবামে থাকছে তাঁর বন্ধুদের অংশগ্রহণও। যন্ত্রানুষঙ্গে অংশ নিচ্ছেন তাঁরা। আনুশেহ জানালেন, বন্ধুদের মধ্যে রয়েছেন তন্ময় বোস, স্যাম মিলস, পান্ডু হোয়াইটস, দেবজ্যোতি মিশ্র, ব্যান্ড ইন্ডিয়ান ওশান এবং তালতন্ত্রসহ আরও অনেকে।নিজের একক অ্যালবাম প্রকাশের ব্যাপারে আনুশেহ বললেন, ‘এ ব্যাপারে আমার কোনো আগ্রহ, শখ কিংবা পরিকল্পনা—কিছুই ছিল না। যেহেতু সবাই এত ব্যস্ত, তাই আপাতত বাংলার নতুন অ্যালবামের কাজ হচ্ছে না। হাতে একটু সময় আছে, বন্ধুদের পরামর্শে একক অ্যালবামের কাজ শুরু করেছি।’তিনি জানালেন, তাঁর এই অ্যালবাম প্রকাশের ব্যাপারে ভারতের এইচএমভি, আশাসহ আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি কারও সঙ্গে চূড়ান্ত করেননি। ইচ্ছা আছে, বাংলাদেশ ও ভারত থেকে একই দিনে অ্যালবামটি প্রকাশ করবেন।