আনোয়ার হোসেনকে দেখতে গেলেন সুচন্দা-ববিতা-চম্পা
বাংলার নবাবখ্যাত অভিনয়শিল্পী আনোয়ার হোসেনকে দেখতে গেলেন বাংলাদেশি চলচ্চিত্রের তিন গুণী অভিনয়শিল্পী সুচন্দা, ববিতা ও চম্পা। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় আনোয়ার হোসেনকে দেখতে তাঁর কলাবাগানের বাসায় হাজির হন এই তিন বোন। বেশ কয়েক বছর ধরে আনোয়ার হোসেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। সুচন্দা, ববিতা ও চম্পা ফুল দিয়ে আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান। এদিকে একসময়ের সহশিল্পীদের একসঙ্গে দেখতে পেয়ে আনোয়ার হোসেনও আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় সুচন্দা-ববিতা-চম্পা তিন বোনই আনোয়ার হোসেনকে নিয়ে নানান স্মৃতিচারণা করেন।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে সুচন্দা বলেন, ‘আজ আনোয়ার ভাইয়ের কাছে এসে, বিশেষ করে ‘জীবন থেকে নেয়া’ ছবিটির কথা খুব বেশি মনে পড়ছে। আমি মনে করি, একজন আনোয়ার আমাদের বাংলার গর্ব। তিনি আমাদের দেশের চলচ্চিত্রের নবাব। তাঁর এ অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। ওপরওয়ালা যেন তাঁকে সুস্থ করে দেন, সেই দোয়াই করছি।’ববিতা বলেন, ‘আনোয়ার ভাইয়ের নায়িকা হয়েছিলাম ‘অরুণোদয়ের অগ্নি সাক্ষী’ ছবিতে। এই ছবিটি আমার জীবনে মাইলফলক হয়ে থাকবে।’চম্পা আনোয়ার হোসেনের সঙ্গে খুব বেশি ছবি না করতে পারার কারণে বারবার আফসোসই করেছেন। এদিকে সুচন্দা-ববিতা-চম্পা অনেকটা ক্ষোভের সঙ্গে জানান, কিংবদন্তী এই শিল্পীদের জীবদ্দশায় সম্মান জানানো উচিত। সবারই এদিকে দৃষ্টি দেওয়া উচিত। কথায় কথায় এক পর্যায়ে আনোয়ার হোসেন তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে যাওয়ার ইচ্ছেও পোষণ করেন।