আনোয়ার হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন ষ ছবি: প্রথম আলো
আনোয়ার হোসেন ষ ছবি: প্রথম আলো

উন্নত চিকিৎসার জন্য বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেনকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করছেন তাঁর পরিবারের সদস্যরা। এ ব্যাপারে তাঁরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পারকিনসন সমস্যায় ভুগছেন। পাশাপাশি আছে বার্ধক্যজনিত সমস্যা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকালে তাঁর চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘আনোয়ার হোসেনের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে। যতটুকু জেনেছি, তাঁর পারকিনসন সমস্যার জন্য তেমন চিকিৎসা হয়নি। এ কারণেই খুব একটা নড়াচড়া করতে পারছেন না। ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে গেছেন। এখন আমরা তাঁর পারকিনসন সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।’
আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ার বলেন, ‘চলচ্চিত্রের অনেকেই আসছেন। ফোন করেও আনোয়ার হোসেনের খোঁজখবর নিচ্ছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, এর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
বিদেশে আনোয়ার হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।