আনোয়ার হোসেনের কাছের মানুষদের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক, ববিতা, চাষী নজরুল ইসলাম, সৈয়দ আব্দুল হাদী
রাজ্জাক, ববিতা, চাষী নজরুল ইসলাম, সৈয়দ আব্দুল হাদী

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন চলে গেছেন না-ফেরার দেশে। ‘নবাব সিরাজদ্দৌলা’খ্যাত বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর কাছের মানুষেরা। তাঁদের স্মৃতিচারণায় উঠে এসেছে আনোয়ার হোসেন সম্পর্কে জানা-অজানা নানা তথ্য।
এভাবে চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়: রাজ্জাক
এই তো সেদিন হাসপাতালে আনু ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর আমি তাঁকে বলছিলাম, ‘আনু ভাই, আমাকে চিনতে পারছেন?’ জবাবে আনু ভাই বলেছিলেন, ‘কেন চিনতে পারব না!’ তিনি আমাকে চিনতে পেরেছিলেন। শুনেছি, চলচ্চিত্রের খুব কম মানুষই তাঁর মৃত্যুর খবর শুনে তাঁকে শেষ দেখা দেখতে গিয়েছিলেন। আমরা সত্যিই দিন দিন কেন যেন নিজের জায়গার প্রতি, নিজের মানুষগুলোর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলছি। এটা সত্যিই খুব অন্যায় হচ্ছে। আনু ভাই চলে গেছেন সত্যি, কিন্তু তিনি আমাদের চলচ্চিত্রে যে অবদান রেখে গেছেন, তা কখনোই ভুলবার নয়। আনু ভাইয়ের এভাবে চলে যাওয়াটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়। সুভাষ দত্ত পরিচালিত ‘আবির্ভাব’ ছবিতে তাঁর সঙ্গে আমি প্রথম অভিনয় করি। এরপর বহু ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। আমার নির্দেশিত ‘পাগলা রাজা’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন।

আনু ভাই অভিনয় করতেন অভিনয়কে ভালোবেসে: ববিতা
আনু ভাই নেই, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আমি শুধু একটি কথাই বলতে চাই, আনু ভাই ছিলেন মনেপ্রাণে সত্যিকার অর্থের একজন শিল্পী। চলচ্চিত্রে অনেকেই কাজ করেন জীবনের প্রয়োজনে। কিন্তু আনু ভাই অভিনয় করতেন অভিনয়কে ভালোবেসে। যেটা এই সময়ের শিল্পীদের মধ্যে নেই বলা চলে। আমার সৌভাগ্য যে আমি আনু ভাইয়ের নায়িকা ছিলাম। সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী ’ ছবিতে আমি তাঁর নায়িকা ছিলাম। এরপর তাঁর সঙ্গে ‘লাঠিয়াল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নয়ন মনি’, ‘সূর্যগ্রহণ’, ‘সূর্য সংগ্রাম’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছি। ভাবতে খুব কষ্ট হচ্ছে যে, একের পর এক প্রিয় মানুষেরা চলে যাচ্ছেন। জানি, একদিন আমাকেও চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আনু ভাই এভাবে চলে যাবেন, ভাবিনি।
একজন ক্ষণজন্মা অভিনেতার প্রয়াণে আমরা ভীষণ শোকাহত: চাষী নজরুল ইসলাম
আনোয়ার হোসেন ছিলেন আমার মামা। তিনি আমাকে স্পষ্টভাবে ‘চাষী’ বলে ডাকতেন। সত্যি বলতে কী, তাঁর গুণের কথা বলে শেষ করা যাবে না। তাঁর মতো এত গুণী মানুষের জন্ম আদৌ পরবর্তী সময় আর হবে কি না, সন্দেহ আছে। সত্যিই আজ একজন ক্ষণজন্মা অভিনেতার প্রয়াণে আমরা ভীষণ শোকাহত। জীবদ্দশায় আমরা একজন আনোয়ার হোসেনকে খুব বেশি সম্মান দিতে পারিনি। পৃথিবীতে মানুষের জন্ম হবে, জন্মের পর নিজের কর্ম দিয়ে তিনি মানুষের মন জয় করবেন। তবে কজন তা পারেন! মামা তা পেরেছিলেন। বাংলাদেশ যত দিন থাকবে, মানুষের মনের মাঝে তত দিন তিনি বেঁচে থাকবেন।
আমাদের মধ্যে সম্পর্কটা ছিল বড় ভাই-ছোট ভাইয়ের মতো: সৈয়দ আব্দুল হাদী
আনোয়ার হোসেনের সঙ্গে এফডিসিতে গেলে দেখা হতো। আমাদের মধ্যে সম্পর্কটা ছিল বড় ভাই-ছোট ভাইয়ের মতো। তিনি কয়েকটি ছবিতে আমার গাওয়া কয়েকটি গানে ঠোঁট মিলিয়েছিলেন। তার মধ্যে ‘গোলাপী এখন ট্রেনে’ ছবির ‘আছেন আমার মোক্তার’ গানটির সঙ্গে তাঁর অনবদ্য অভিনয় অন্যরকম একটা আবেদন সৃষ্টি করেছিল। এই গানটির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলাম। গানটিতে আনোয়ার হোসেনের অনবদ্য অভিনয় আর আমজাদ হোসেনের অসামান্য নির্মাণশৈলী এক অতীন্দ্রিয় অনুভূতির সৃষ্টি করেছে। চলচ্চিত্রের গানের ব্যাপারটা আসলে এমনই। শিল্পী গানটি গাওয়ার পর অভিনেতা বা অভিনেত্রী তাঁদের অভিনয়গুণে পর্দায় ফুটিয়ে তোলার মধ্য দিয়ে অন্যরকম মাত্রা যোগ করেন।