আন্তফরাসি নাট্যোৎসব-২০১০
এ নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় সাত দিনব্যাপী ‘আন্তফরাসি নাট্যোৎসব-১০’। বিশ্বখ্যাত পাঁচজন ফরাসি নাট্যকারের সাতটি নাটক নিয়ে ১৫ থেকে ২১ মে ঢাকা শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই উৎসব শুরু হবে।সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের সৌজন্যে এবং ঢাকার ফরাসি দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠেয় ফরাসি নাট্যোৎসবের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার শওকত আলী, বিশেষ অতিথি থাকবেন সিটি ব্যাংকের চেয়ারম্যান, ফরাসি দূতাবাসের প্রধান কর্মকর্তা প্যাট্রিক ব্রাংকো, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, আইটিআইএর বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ। সভাপতিত্ব করবেন আলিয়ঁস ফ্রঁসেসের উপপরিচালক লক জাক বুনা। অনুষ্ঠান পরিচালনা করবেন নাটুকের দলপ্রধান আল নোমান।উদ্বোধনী দিন সন্ধ্যা রাত পৌনে আটটায় মঞ্চায়ন হবে মার্ক কামুলোতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার-এর অনূদিত নাটক ঠাকুর ঘরে কে রে?। অনুবাদ ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন আল নোমান। পরিবেশন করবে যৌথভাবে ‘নাটুকে’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র। ১৬ মে সন্ধ্যা সাতটা ‘বিবর্তন যশোর’ পরিবেশন করবে জঁ পল সার্ত্রে রচিত দ্য ওয়াল। নির্দেশনা দিয়েছেন সানোয়ার আলম খান। থিয়েটার বেইলী রোড মঞ্চায়ন করবে স্যামুয়েল বেকেটের নাটক এন্ডগেম ১৭ মে। এটি অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী। নির্দেশনার দায়িত্বে আছেন ফরহাদুজ্জামান পলাশ। ১৮ মে মলিয়্যেরের হাসির নাটক বিয়ে বিড়ম্বনা মঞ্চস্থ হবে। নাট্যরূপ কল্যাণ কুমার দত্তের। নির্দেশনায় অসীম দাস। পরিবেশন করবে ‘থিয়েটার ক্যানফান্ড’। তৌফিকুল ইসলাম ইমন নির্দেশিত ইউজেন এওনেস্কোর নাটক গন্ডার মঞ্চায়িত হবে ১৯ মে। অনুবাদ জহুরুল হক। পরিবেশন করবে প্রাচ্যনাট। ২০ মে ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক পরিবেশন করবে স্যামুয়েল ব্যাকেটের নাটক সব ঝরে পড়ে । অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী। নির্দেশনায় অসীম দাস। ২১ মে বিকেল পাঁচটায় সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার। এবার নাটকে অনবদ্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হবে। প্রয়াত কথাসাহিত্যিক শওকত ওসমান, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক, বিশ্ববরেণ্য নাট্যজন রামেন্দু মজুমদার ও নাট্যনির্দেশক আতাউর রহমানকে। সন্ধ্যা সাতটায় ‘ফেইম’ স্কুল অব ড্রামা পরিবেশন করবে সিক্সাস রচিত অসীম দাস অনূদিত ও নির্দেশিত নাটক ড্রামস অন দ্য ড্যাম। উৎসব প্রসঙ্গে সমন্বয়ক আল নোমান বলেন, দেশের বিভিন্ন জেলার তরুণদের আট দিনব্যাপী নির্দেশনাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রান্সের তরুণ স্বনামখ্যাত নির্দেশক ভলিদিয়া সেরে, দেশের বিশিষ্ট নির্দেশক তারিক আনাম খান, ইসরাফিল শাহীন, গোলাম সারোয়ার ও ফরহাদুজ্জামান পলাশ। আল নোমান বলেন, ‘আমরা গত দুবার ফরাসি নাট্যোৎসব দর্শকদের ভালোভাবেই উপহার দিতে পেরেছি।’ তিনি বলেন, ‘বিশ্বনাট্যে ফরাসি নাটক অনবদ্য। তাই আমাদের প্রত্যাশা, আমাদের কর্মশালা এবং উৎসব আমাদের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আরও কার্যকর কর্মসূচি নেওয়ার প্রচেষ্টা থাকবে।’উৎসবটির আয়োজন করছে যৌথভাবে ‘নাটুকে’ আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকা এবং ‘ফেইম’ স্কুল অব ড্রামা