আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আজ শুরু
দু’দিনব্যাপী ষষ্ঠ আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত অ্যাডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে।প্রদর্শনী শুরু হবে আজ সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট থেকে, শেষ হবে রাত সাড়ে আটটায়। এ ছাড়া আগামীকাল বিকেল চারটা বিশ মিনিট থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। নর্থ সাউথ, এআইইউবি, ইউল্যাবসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে যেসব ছবি প্রদর্শিত হবে সেগুলোর মধ্যে রয়েছে ‘বনসাই’, ‘জিরো পয়েন্ট’, ‘ব্ল্যাক সিস্টেম’, ‘আই কুইট’, ‘অ্যাডাম টিজিং’, ‘হরতাল’, ‘ভাইরাস ২.২’, ‘কমন লাইফ’, ‘স্বাধীনতা’, ‘পথে পথে’, ‘এক টুকরো মেঘ’, ‘ভাত’, ‘আর্তনাদ’, ‘লাইফ থ্রু লেন্স’, ‘টু ডিফারেন্ট লাইভস’, ‘দ্য ডেমোক্রেসি’ ইত্যাদি। উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথে পথে’। এটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী আরিফুল ইসলাম আরমান, দিদারুল করিম, আদনান রহমান, ইমরান নূর ও তাসমিয়া বিল্লাহ। আরিফুল ইসলাম আরমান জানিয়েছেন, রাজধানীর ফুটপাতের ওপর ছোট ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার ব্যবসায়ী। এসব হকারের ব্যবসার ধরন ও জীবনচিত্র নিয়েই নির্মিত হয়েছে ১০ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথে পথে’।