আন্তর্জাতিক অঙ্গনে মাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলস
মাইলস

আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীত প্রতিষ্ঠান কিনেটিক এবং নরওয়েভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান গ্যাক মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাইলস। এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী মাইলসের গান, মিউজিক ভিডিও এবং ভবিষ্যতে মাইলস যা কিছু করবে, তা বিতরণ ও বিক্রি করা হবে বলে জানান মাইলস ব্যান্ডের সদস্যরা।
আজ বুধবার রাজধানী ঢাকার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ঘোষণা দেন মাইলস ব্যান্ডের সদস্যরা। সংবাদ সম্মেলনে কিনেটিক ও গ্যাক মিডিয়ার কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মাইলস।
এ প্রসঙ্গে মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ বলেন, ‘মাইলস ব্যান্ডের শুরু থেকেই আমরা বড় পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। আন্তর্জাতিক মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতির সঙ্গেও মাইলস যুক্ত রয়েছে। আরেকটা বিষয় সবাইকে বলতে চাই, বাংলাদেশের সংগীত জগত্টাকে খাটো করে দেখার কোনো উপায় নেই। এর সম্ভাবনা যে কতটা বিশাল, তা আমরা শিগগির টের পাব।’
হামিন আহমেদ বলেন, ‘গানের জগতে মাইলস যাত্রা শুরু করে ১৯৭৯ সালে। শুরু থেকেই আমাদের স্বপ্ন ছিল একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার। ২০১৪ সালে তা বাস্তবে পরিণত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। এর মধ্য দিয়ে বিশ্বের অনেক দেশে মাইলসের গানের পাশাপাশি বাংলা গান আরও বেশি এগিয়ে যাবে।’
মানাম আহমেদ বলেন, ‘আমরা সব সময় ভালো কিছুর সঙ্গেই ছিলাম। মাইলসের আন্তর্জাতিক পথচলার এই খবরে আমরা অনেক আনন্দিত ও গর্বিত।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সামনের পয়লা বৈশাখে মাইলস তাদের নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। এ বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী বাংলা গানের শ্রোতাদের নববর্ষের উপহার হিসেবে ‘‘প্রতিচ্ছবি’’ অ্যালবামটি প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে অ্যালবামটির সাতটি গানের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বাকি পাঁচটি গানের কাজও শেষ হবে।’