আন্তর্জাতিক অঙ্গনে লোকসংগীতকে তুলে ধরার চেষ্টা লক্ষ্মীটেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ডের নাম লক্ষ্মীটেরা। লন্ডনভিত্তিক এই গানের দল গড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে। নেতৃত্বে রয়েছেন পিয়ানোবাদক ও সংগীত পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিশন খান। কাল শুক্রবার সন্ধ্যায় তাঁরা পাশ্চাত্য যন্ত্রের সঙ্গে বাংলাদেশের লোকসংগীত পরিবেশন করবেন। বাংলাদেশের লোকসংগীতকে তাঁরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চান।গুলশানের একটি বাড়িতে প্রায় ১০ দিন ধরে নিবিড় অনুশীলন করছেন লক্ষ্মীটেরার শিল্পীরা। তাঁদের সঙ্গে এবার ঢাকার কয়েকজন লোকসংগীতশিল্পী অংশ নিচ্ছেন। গত মঙ্গলবার তাঁদের পরিকল্পনা, অনুশীলন প্রভৃতি নিয়ে কথা হলো কিশন খানের সঙ্গে। তিনি জানান, ঢাকায় লক্ষ্মীটেরা একেবারেই অপরিচিত নয়। এটি তাঁদের পঞ্চম সফর। ২০১০ সালে তাঁরা প্রথম এসেছিলেন। সেবার তাঁরা গেয়েছিলেন সাফ গেমসের সমাপনী অনুষ্ঠানে এবং এর সংগীত পরিচালনাও করেছিলেন। তার পর থেকে প্রতিবছরই আসছেন। এর মধ্যে ঢাকায় বিশ্ব সংগীত উৎসবে অংশ নেওয়াসহ বিভিন্ন স্থানে তাঁরা পশ্চিমা যন্ত্রানুষঙ্গে বাংলাদেশের লোকসংগীত পরিবেশন করেছেন। এবার এসেছেন কসমস গ্রুপের ব্যবস্থাপনায়। শুক্রবার গুলশানের রেডশিফট ক্যাফেতে তাঁরা প্রথম অনুষ্ঠান করবেন। এ ছাড়া চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।এবার তাঁরা লালন সাঁইয়ের ‘মনের মানুষ চিনলাম না’, হাসন রাজার ‘বাউলা কে বানাইল রে’, শাহ আবদুল করিমের ‘কোন মিস্তরি নাও বানাইল’, ‘কারি আমির উদ্দিনের ‘জিকির কর জিকির কর’সহ বিভিন্ন গান পরিবেশন করবেন। এ ছাড়া এবার তাঁরা চাকমা ভাষারও একটি গান শোনাবেন। তাঁদের সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের শিল্পী বেবী আক্তার ও ঢোলবাদক নজরুল ইসলাম। লক্ষ্মীটেরার সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী সোহানী আলম। কিউবার রয়েছেন তিনজন—জিমি মার্টিনেজ, ওরেস্তে নোডা ও হ্যাভিয়ে। তুরস্কের তানজাইওমা; ব্রিটিশ জাসটিন থাগা ও ফেলপ ডোসেন এবং কানাডার জে. ফেলপস। লক্ষ্মীটেরার সঙ্গে আরও দুজন বাংলাদেশি ব্রিটিশ কণ্ঠশিল্পী রয়েছেন—আনান সিদ্দিকা ও আনিরে খান। তাঁরা এবার আসছেন না।কিশন খান জানান, ২০০৬ সালে লক্ষ্মীটেরার যাত্রা শুরু। পশ্চিমা যন্ত্রানুষঙ্গে বাংলাদেশের লোকসংগীতের নিরীক্ষামূলক পরিবেশনা করে থাকেন তাঁরা। লোকগান ও যন্ত্রসংগীতের সংকলিত দুটো অ্যালবামও বেরিয়েছে তাঁদের। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাঁরা নিয়মিত অনুষ্ঠান করেন। সে দেশের শ্রোতারা দারুণ উপভোগ করেন নতুন ধরনের এই গান। ভাষাগত সমস্যা তেমন বড় নয়। গানের মূল সুর ঠিক রেখে তাঁরা নিরীক্ষাধর্মী যন্ত্রবাদনের সমন্বয় করেন। এটি পশ্চিমা শ্রোতাদের কাছে বেশ উপভোগ্য হয়েছে। কিশন খান বলেন, তাঁরা বাংলা লোকসংগীতের পাশাপাশি কিউবা, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার লোকসংগীত নিয়েও কাজ করছেন। তবে প্রাধান্য দিচ্ছেন বাংলা গানের প্রতি। ইউরোপে লোকসংগীতের কোনো উৎসব হলে সেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি নেপালের লোকসংগীতশিল্পীরাও অংশ নেন। কিন্তু বাংলাদেশের এত সমৃদ্ধ লোকসংগীত থাকলেও বাংলা গান সেখানে তেমনভাবে উপস্থাপিত হয় না। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই অনুপস্থিতির দুঃখবোধ থেকেই লক্ষ্মীটেরা যাত্রা শুরু। এ বছরের মাঝ নাগাদ তাঁরা লন্ডনে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করছেন, যেখানে লক্ষ্মীটেরার সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও অংশ নেবেন। এবারের সফর অনেকটা সেই আয়োজনের প্রস্তুতি পর্ব।