আন্তর্জাতিক অ্যালবামে মেহরীনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি প্যারিসের এক স্টুডিওতে একটি আন্তর্জাতিক অ্যালবামের জন্য গান করলেন কণ্ঠশিল্পী মেহরীন। ইতিমধ্যেই গানগুলোর রেকর্ডিং শেষ করেছেন তিনি। অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলজেরিয়ান সংগীত পরিচালক ও বেহালা বাদক জামেল, তাঁরই সুর ও সংগীতে অ্যালবামটির চারটি গানে কণ্ঠ দিয়েছেন মেহ্রীন। অ্যালবাম প্রসঙ্গে মেহরীন জানিয়েছেন, সামনের ডিসেম্বরে ভিয়েনা থেকে তাঁর গানের এ অ্যালবামটি প্রকাশিত হবে। অ্যালবামটিতে মেহ্রীন ছাড়াও গান করেছেন আরো দুজন কণ্ঠশিল্পী। অ্যালবামটির নাম রাখা হয়েছে- ‘জ্যাম অ্যান্ড ফেম ২’।প্রথম আলো ডটকমকে মেহরীন বলেন, ‘গত তিন বছর ধরে অ্যালবামটির কাজ চলছে। সম্প্রতি প্যারিসে গানগুলোতে কণ্ঠও দিয়ে এসেছি। শুনেছি পুরো অ্যালবামটির কাজ শেষ হয়ে গেছে।’ মেহরীন আরও বলেন, ‘একজন কণ্ঠশিল্পী হিসেবে আন্তর্জাতিক কোনো অ্যালবামে গান করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের। জ্যাম অ্যান্ড ফেম অ্যালবামের চারটি গানে কণ্ঠ দিয়েছি। এর মধ্যে একটি নজরুলের গান এবং অন্যটি লোকধাঁচের। এ ছাড়া আমার নিজের লেখা দুটি মৌলিক গানও করেছি। মৌলিক গান দুটিকে পার্টি সংও বলা যেতে পারে।’ এ পর্যন্ত মেহ্রীনের ছয়টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে আনাড়ি (২০০০), দেখা হবে (২০০২), মনে পড়ে তোমাকে (২০০৪), ডোন্ট ফরগেট মি (২০০৬), ভালোবাসার গান (২০০৮), তুমি আছ বলে (২০১০)।