‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ স্লোগান সামনে রেখে চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের (সিসিবি) আয়োজনে দ্বিতীয়বারের মতো ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশসহ ১৮টি দেশের ১০০টি শিশুতোষ অ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে। এই উৎসব ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল সকাল ১০টায় শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের (সিসিবি) উপদেষ্টা সাঈদ মিল্কী, সিসিবির নির্বাহী পরিচালক সায়মা আক্তার, কথাসাহিত্যিক আলী ইমাম, সিসিবির কার্টুনিস্ট আহসান হাবিব প্রমুখ।