রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গতকাল শুক্রবার থেকে শুরু হলো ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মোট ১৬৮টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এ আয়োজনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হয় বেলজিয়াম-ফ্রান্স-মরক্কোর যৌথ প্রযোজনায় কাদিয়া লেকলেরে পরিচালিত দ্য ব্যাগ অব ফ্লাওয়ার।
এবারের উৎসবে রয়েছে সাতটি বিভাগ। বিভাগগুলো হলো—প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন ফিল্ম মেকারস সেকশন ও ইনডিপেনডেন্ট ফিল্মস বিভাগ। প্রতিযোগিতা বিভাগে এশিয়া-প্যাসেফিক অঞ্চলের ২২টি দেশ অংশ নিচ্ছে। সেরা চলচ্চিত্রকারকে দেওয়া হবে ক্রেস্ট ও সনদ। এর অর্থমান এক লাখ টাকা। এ ছাড়া বিচারকমণ্ডলী শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক নির্বাচিত করবেন।
উৎসবের ছবিগুলো দেখানো হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, ধানমন্ডির ইএমকে সেন্টার ও আলিয়ঁস ফ্রঁসেজ—এ পাঁচটি কেন্দ্রে।