সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে হয়ে গেল ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট ফর থিয়েটার টেকনোলজির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সেমিনার। এখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে সেট ডিজাইনার ও নাট্য নির্দেশক ফয়েজ জহির। চার দিনের এই অনুষ্ঠান শেষ করে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। আজকের সাক্ষাৎকার তাঁর সঙ্গে।কীভাবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হলো?আমি আন্তর্জাতিক ডিজাইন সংগঠনের সদস্য। সেই সুবাদেই আমন্ত্রণ পেয়েছি। এর আগেও আমি এই অনুষ্ঠানে দুইবার গিয়েছি। এখানে প্রায় ২২টি দেশের ডিজাইনাররা অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যসহ ডেনমার্ক, বেলজিয়াম, যুক্তরাজ্য, জার্মানি, ফান্স, সুইডেন প্রভৃতি দেশ অংশ নেয়।অনুষ্ঠানটি কী ধরনের হয়?এটি প্রতিবছরই হয়। এখানে সেমিনার থাকে। সেই সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। থিয়েটারের বিভিন্ন ডিজাইনের ওপর সেমিনার থাকে। অনুষ্ঠান বিশাল আকারে হয়। ক্যানসাস সিটির কনভেনশন সেন্টারের সব মিলনায়তনে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান চলাকালে একসঙ্গে প্রায় ১০টি মিলনায়তনে সেমিনার হয়। একই সঙ্গে কনভেনশন সেন্টারের একাধিক রুমে সেট, আলো, সাউন্ড, মেকআপসহ সব ধরনের থিয়েটারবিষয়ক ডিজাইনের প্রদর্শনী চলে। প্রতিদিনই অনুষ্ঠানে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার লোক অংশ নেয়।এ ধরনের আন্তর্জাতিক থিয়েটার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুবাদে আমাদের থিয়েটারে কোনো প্রভাব পড়ে কি?অবশ্যই পড়ে। ওখানে অংশ নেওয়ায় একটা অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের থিয়েটারের কাজে আসবে। আমি অংশ নিয়ে যে শিক্ষাটা গ্রহণ করেছি, এখানে আমার থিয়েটারবিষয়ক কাজে সেই শিক্ষা অবশ্যই আসবে। সবচেয়ে বড় কথা, এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে অভিজ্ঞতার আদান-প্রদান হয়। নতুনত্বের সন্ধান পাওয়া যায়। ভাবনার জায়গাটা বাড়ে।আমাদের দেশের থিয়েটারের ডিজাইন ওখানকার ডিজাইন থেকে কি আলাদা মনে হয়েছে? অনেক বেশি মনে হয়েছে। কেননা তাদের কারিগরি দিকটা অনেক বেশি উন্নত। সেই কারিগরি দিক ব্যবহার করে তারা থিয়েটারের নানা দিকের ডিজাইনগুলো অনেক উন্নতমানের করতে পারে। তারা এসব ডিজাইন নিয়ে অনেক ভাবনাচিন্তা করে কাজ করে। আগে হাতে-কলমে করে নিয়ে তারপর ডিজাইনটি পর্যায়ক্রমে কারিগরি দিক ব্যবহার করে উন্নত করে। সে ক্ষেত্রে আমরা যে খারাপ মানের ডিজাইন করি তা না। আমরা কম উন্নতমানের কারিগরি দিক ব্যবহার করে ভালো ডিজাইন করার চেষ্টা করি। আর তারা উন্নত কারিগরি দিক ব্যবহার করে ভালো মানের ডিজাইন তৈরির চেষ্টা করে।আপনার নির্দেশিত চে’র সাইকেল নাটকটিও তো একাধিকবার দেশের বাইরে প্রদর্শিত হয়েছে?হ্যাঁ। এরই মধ্যে নাটকটি ভারতের কলকাতা, আগরতলা, অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা ও মেলবোর্ন শহরে একাধিকবার প্রদর্শিত হয়েছে। এ ছাড়া হংকং শহরেও বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে নাটকটির। দেশ-বিদেশ মিলে নাটকটির প্রদর্শনীসংখ্যা ৫০ পার হয়ে গেছে।নতুন কোনো নাটক নিয়ে নির্দেশনায় হাত দিচ্ছেন কি?একটা দলের সঙ্গে কথাবার্তা হয়েছে। মাস দুয়েকের মধ্যে নতুন নাটকের কাজ শুরু করব। আইরিশ নাট্যকার পিটার শেপারের রয়াল হান্ট অব দ্য সান নিয়ে কাজ করব। এটি অনুবাদ করছেন শহীদুল মামুন।