আন্তর্জাতিক নাট্যোত্সবে কর্মশালা ও তিন নাটক মঞ্চস্থ
শিল্পকলা একাডেমীতে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবের গতকাল ছিল চতুর্থ দিন। গতকাল নাটক মঞ্চায়নের পাশাপাশি আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালার। একাডেমীর মহড়াকক্ষে ‘চায়নিজ অপেরা’ বিষয়ে কর্মশালা পরিচালনা করেন চুয়া সু পং। এতে দেশে নবীন নাট্যকর্মীরা অংশ নেন। সন্ধ্যায় ছিল তিনটি নাটকের মঞ্চায়ন। জাতীয় নাট্যশালায় দেশ নাটক মঞ্চায়ন করে অরক্ষিতা। স্টুডিও থিয়েটারে ইউনিভার্সেল থিয়েটার মঞ্চস্থ করে নাটক মহাত্মা। পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের নতুন নাটক আপদ। ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা আপদ। দলের প্রধান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ জানান, বিশ্বকবির সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঞ্চে আনা হয়েছে নাটকটি। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘আপদ’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ।নাটকের শুরুতে দেখা যায়, স্ত্রী কিরণ জটিল রোগে আক্রান্ত হলে শরত্ বাবু চিকিত্সকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য চন্দননগরের বাগানবাড়িতে এসে ওঠেন। এদিকে একাকিত্বের যন্ত্রণায় কিরণ যখন দেশে ফেরার জন্য ব্যাকুল, তখন এক ঝড়ের রাতে নৌকাডুবিতে পড়ে যাত্রাদলের সদস্য পিতৃ-মাতৃহীন নীলকান্ত। নীলকান্ত আশ্রয় নেয় কিরণদের বাড়িতে। নীলকান্তকে বাড়ির সবাই বোঝা মনে করলেও কিরণের কাছ থেকে সে পায় মাতৃস্নেহ। কিরণের প্রশ্রয়ে নীলকান্তও ঘটাতে থাকে নানান ঘটনা। কর্তা আর তার ভাই সতীশের কাছে হতে থাকে নিগৃহীত। একসময় কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেয় শরতের পরিবার। নীলকান্তকে কিরণ সঙ্গে নিতে চাইলেও অন্য সদস্যরা তাতে রাজি হন না। ঘটনাক্রমে সতীশের একটি দোয়াতদান চুরি হয়। সন্দেহের দৃষ্টি পড়ে নীলকান্তের দিকে। সবার কাছে নির্দোষ প্রমাণিত হলেও কিরণের কাছে ধরা পড়ে নীলকান্ত।