আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘ইতি ইয়োকাস্তে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের বৃষ্টি সন্ধ্যার উৎসবে বিঘ্ন ঘটাতে পারেনি। নাট্যানুরাগীরা দলে দলে এসে ভিড় করেছিলেন উৎসবকেন্দ্র শিল্পকলা একাডেমীতে। অনেকেই নির্ধারিত সময়ের আগে এসে ঘুরে দেখেন জাতীয় নাট্যশালার লবিতে রাখা বিভিন্ন নাটকের আলোকচিত্র। পরস্পরের সঙ্গে উৎসবের নানাদিক নিয়ে কথা বলেন। সময়মতো টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে মিলনায়তনে প্রবেশ করেন। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল রোববার ছিল চারটি নাটকের প্রদর্শনী।ইতি ইয়োকাস্তে: অদিয়পাউস বা ইডিপাসের গল্প প্রায় সবারই জানা। নিয়তির গল্প। নিয়তির নিয়ন্ত্রক কে—আমি, আপনি, ইতি বা ফয়সাল? নাকি জিউস, ঈশ্বর বা ভগবান? এ প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা নাটক ইতি ইয়োকাস্তেতে নেই; এমনকি নারী হিসেবে একজন ইয়োকাস্তে বা একজন ইতির সংকটগুলো আবিষ্কারের প্রচেষ্টাও এই নাটকের বিবেচ্য বিষয় নয়। মানবজাতি বিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বিভিন্ন সময় নানারকম সংকট ও দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে। সেসব সংকট ও দ্বন্দ্বের প্রকৃতি একরকম ছিল না। দেশকাল ভেদে তাই এসবের সমাধানও এসেছে ভিন্ন ভিন্ন উপায়ে। এমনই কিছু দ্বন্দ্ব ও সংকট নিয়ে ইতি ইয়োকাস্তে।গতকাল সন্ধ্যায় এটি মঞ্চস্থ করে আরণ্যক নাট্যদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ এ নাটকের রচনা ও নির্দেশনা দেন দীপক সুমন। অভিনয় করেন মিতালী, সাজ্জাদ সাজু, মনির জামান, দীপক সুমন, বাপ্পাদিত্য চৌধুরী, শারমীন হায়াত দীপা, অনন্য মুগ্ধ, সুজাত শিমুল প্রমুখ।আরণ্যকের অন্য নাটকটি হচ্ছে টুবি অর নট টুবি। এর নির্দেশনা দেন হাশিম মাসুদ।থিয়েটার আর্ট ইউনিট গতকাল উৎসবে মঞ্চস্থ করে মগজ সমাচার। স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ এ নাটকের নির্দেশনা দেন সাইফ সুমন। হাসান শাহরিয়ার রচিত এ নাটকে অভিনয় করেন মোহাম্মদ বারি, তোড়া সাহা, সাথী রঞ্জন দে, তারিকুল ইসলাম প্রমুখ।এ ছাড়া জাতীয় নাট্যশালায় থিয়েটার মঞ্চস্থ করে তাদের সাম্প্রতিক নাটক মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের এ নাটকটির নির্দেশনা দেন নায়লা আজাদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ত্রপা মজুমদার, তানভীর হোসেন, গোলাম শাহিরয়ার, মোহাম্মদ আতিকুর রহমান, ফেরদৌসী মজুমদার, কল্যাণ চৌধুরী, সামিয়া মহ্সীন, পূজা সেনগুপ্ত, কানিজ ফাতেমা প্রমুখ। উৎসব চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিদিন মঞ্চস্থ হবে তিনটি নাটক। আজ সোমবার তৃতীয় দিন জাতীয় নাট্যশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে সৈয়দ শামসুল হকের নাট্যরূপে পালাকার মঞ্চস্থ করবে নাটক বাংলার মাটি বাংলার জল। থিয়েটারওয়ালা রেপার্টরি স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ করবে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস্ এবং হংকংয়ের এশিয়ান পিইএফ ও এফএম থিয়েটার পাওয়ার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ করবে ৮ টাইমস আট । আগামীকাল মঙ্গলবার জাতীয় নাট্যশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ডাম ওয়েটার এবং পরীক্ষণ থিয়েটারে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে জনমাংক। উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতীয় শিল্পীদের প্রদর্শনী বেঙ্গল গ্যালারিতে আজ সোমবার থেকে ‘ঈশান বৈভব’ নামে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্যের শিল্পীদের শিল্পকলা প্রদর্শনী শুরু হচ্ছে। সন্ধ্যায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য, পল্লী উন্নয়ন ও বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার। এ ছাড়া উপস্থিত থাকবেন কিরাতের সভাপতি ও ত্রিপুরা শিল্প উন্নয়ন করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান পবিত্র কর।গতকাল রোববার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে বরেণ্য শিল্পী রফিকুন নবী এবং ত্রিপুরার শিল্পী চিন্ময় রায়, চন্দন মজুমদার, ত্রিপুরার কবি রাতুল দেব বর্মণ ও বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন।ভারতের চিত্রশিল্পীদের সংগঠন ‘কিরাত’-এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ২৮ জন শিল্পীর ৫৬টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।