আন্তর্জাতিক নাট্যোৎসবে ‘রথের রশি’ ও ‘ফণা’
দারুণ জমে উঠেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু নাট্যদল এখন ঢাকায় অবস্থান করছে। দেশের বাইরে থেকেও এসেছে কয়েকটি নাটকের দল। সন্ধ্যায় তাদের পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন মঞ্চে ভিড় করছেন নাট্যামোদীরা। আজ সোমবার উৎসবের শেষ দিন। গতকাল রোববার মঞ্চস্থ হয়েছে দুটি নাটক।জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ হয় অনুশীলন নাট্যদলের নাটক রথের রশি। রবীন্দ্রনাথের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক। রথযাত্রার উৎসবে নর-নারী সবাই হঠাৎ দেখতে পেল, মহাকালের রথ অচল। রূপকধর্মী এ নাটকে কবি দেখিয়েছেন মানবসমাজের সবচেয়ে বড় দুর্গতিকালের এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্পর্ক-বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানবসম্পর্ক অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ। এই সম্পর্কের অসত্য এতকাল যাদের বিশেষভাবে পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহ্বান করছে তার রথের বাহনরূপে। তাদের অসম্মান ঘুচলে তবেই সম্পর্কের অসত্য দূর হয়ে রথ সামনের দিকে চলবে। নাটকে অভিনয় করেছেন শাহাদৎ হোসেন, রীতু মালো, পূর্ণিমা সরকার, আমাজান আরাফি, মেহেরুন নেসা, তানজিদা নাহার প্রমুখ। পরীক্ষণ থিয়েটারে গতকাল মঞ্চস্থ হয় বরিশালের শব্দাবলি থিয়েটারের নাটক ফণা। শাহমান মৈশানের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। সামরিকবাদ, যুদ্ধ, হিংসা ও মুক্তিপিপাসু মানুষের আখ্যান নিয়ে এই নাটক। সামরিকবাদী চোখ দিয়ে দেখার বিপরীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের সত্যকে জনতার দৃষ্টিতে দেখার প্রেক্ষিত এতে তুলে ধরা হয়েছে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা নাসরিন, আবু সালেহ, শহীদুল ইসলাম শিশির, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, জুলকার নাঈম, মাহমুদুল হাসান, মনোয়ার হোসেন, পলাশ মজুমদার, নিলয় মজুমদার, তরীকুল ইসলাম প্রমুখ।