আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উত্সব উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ।  ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উত্সব উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ । ছবি: প্রথম আলো

গানপাগল মানুষ চান মিয়া। মেয়ে আয়শাকে নিয়ে পথে-ঘাটে ঘুরে ঘুরে গান গেয়ে তাঁর দিন কাটে। চলার পথে নানা রকম মানুষের সঙ্গে তাঁর চেনাজানা হয়। গায়েনের জীবনে ঘটা টুকরো টুকরো ঘটনা নিয়েই এগিয়ে যায় ছবির গল্প। এই ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব। উৎসবের স্লোগান ‘নারীর চোখে চলচ্চিত্র’। দেশের প্রথম নারী নির্মাতা রেবেকাকে উৎসব উৎসর্গ করা হয়েছে।
উইমেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে গতকাল সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। উৎসবের উদ্বোধনী দিনে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে দেশের ছয় শীর্ষ নারী চলচ্চিত্রনির্মাতাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারী নির্মাতারা হলেন: কোহিনূর আক্তার সুচন্দা, শাহনেওয়াজ কাকলী, শামীম আখতার, নারগিস আক্তার, আফিয়া পারভিন মৌসুমি ও সামিয়া জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়লুন নাহার একরাম। স্বাগত বক্তৃতা দেন উৎসব পরিচালক মেহেদী হাসান।
উদ্বোধনী দিনে বাংলাদেশের নারী চলচ্চিত্রনির্মাতা শাহনেওয়াজ কাকলী নির্মিত উত্তরের সুর এবং পোল্যান্ডের মার্থা প্রাসের অ্যান্ড নাথিং অ্যারাউন্ড চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়।
উৎসবে ১৬টি দেশের নারী নির্মাতাদের তৈরি ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ছাড়াও আরও প্রদর্শিত হবে ভারত, ইরান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, তাইওয়ান, গ্রিস, জর্দান, কেনিয়া ও পোল্যান্ডের নারী নির্মাতাদের তৈরি চলচ্চিত্র।
চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে শাহবাগের জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। আজ মঙ্গলবার ও কাল বুধবার সকাল ১১টা, বেলা দুইটা ও বিকেল পাঁচটায় উৎসব কেন্দ্র দুটিতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসবের প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত।