আন্তর্জাতিক নারী দিবসে নারী নেতৃত্বে বৈশাখী টিভি
কাল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ব্যতিক্রমী উপস্থাপনার আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘কাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস বৈশাখীর প্রতিটি বিভাগ চলবে নারীদের প্রতীকী নেতৃত্বে। উপস্থাপনা করবেন নারীরা। সংবাদ প্রচারের জন্য সব প্রতিবেদন তৈরি করবেন নারী প্রতিবেদকেরা। নারী দিবস উপলক্ষে একটি বিশেষ বুলেটিন তৈরি হবে, যা কয়েক ঘণ্টা পর পর প্রচারিত হবে। অনুষ্ঠান বিভাগ সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করবে।’তিনি আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথিবীর ১৫টি দেশের নির্যাতিত ও নিপীড়িত নারীর ওপর নির্মিত ১৫টি প্রামাণ্যচিত্র দেখানো হবে দিনজুড়ে। প্রামাণ্যচিত্রগুলোও কিন্তু তৈরি করেছেন বিভিন্ন দেশের ১৫ জন নারী প্রামাণ্যচিত্র নির্মাতা।এ ছাড়াও রাত নয়টায় থাকবে একটি বিশেষ টকশো; যেটি উপস্থাপনা করবেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুটি জাতীয় দৈনিকের সম্পাদক। বেলা ১১টায় কেক কেটে নারী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এখানে দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ৮-১০ জন নারী এবং একজন মেয়েশিশু অংশ নেবেন। নারী দিবসে নারীদের উপস্থাপনায় দিনব্যাপী লাইভ অনুষ্ঠান থাকবে। সংবাদ ও অনুষ্ঠানের ফাঁকে আমন্ত্রিত অতিথিরা কথা বলবেন। আমন্ত্রণ জানানো হবে দেশের প্রতিষ্ঠিত পেশাজীবী নারীদের। এ ছাড়াও দেশের সব ইলেকট্রনিক মিডিয়ার নারী কর্মীদের আমন্ত্রণ জানানো হবে।