আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পরিকল্পনা ছিল ব্যাপক। দিনব্যাপী আয়োজনে বর্ণিল শোভাযাত্রা ছাড়াও পদক বিতরণ, সারা দেশ থেকে আসা নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠানের পর্ব ছিল। বাস্তবতায় এসব পরিকল্পনা বদলে গেল। সাভারে ভবনধসে হতাহতের মর্মান্তিক ঘটনায় তাঁদের প্রতি সমবেদনা জানানো হলো। আয়োজন সংক্ষিপ্ত করে আন্তর্জাতিক নৃত্য দিবসের গতকালের অনুষ্ঠানটি শুধু সেমিনার ও পদক বিতরণেই সীমিত ছিল।গতকাল সোমবার ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। যৌথভাবে দিবসটি উদ্যাপন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এবারের আজীবন সম্মাননাসূচক নৃত্য পদক পেয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও নৃত্যগুরু সৈয়দ আবুল কালাম।গতকাল দুপুরে ‘সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিপক্ষে নৃত্যকলা’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনের সামনে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের প্রতি শোক জানিয়ে পালন করা হয় এক মিনিটের নীরবতা। এরপর রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। যৌথভাবে সংস্থার পতাকা উত্তোলন করেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও একাডেমীর মহাপরিচালক।বিকেলে একাডেমীর সেমিনার হলে বসে সেমিনার। ‘বাংলাদেশ: সাম্প্রদায়িকতা প্রসঙ্গ ও সাংস্কৃতিক সংকট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নিগার চৌধুরী। সন্ধ্যায় নাট্যশালায় ছিল আজীবন সম্মাননা পদক প্রদানের পর্ব ও আলোচনাসভা। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণসচিব সুরাইয়া বেগম শিল্পীদের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন।আলোচনা পর্ব শেষে শোক ও ব্যথা-বেদনা থেকে পরিত্রাণের কামনায় পরিবেশিত হয় প্রার্থনানৃত্য। ‘সকাতরে ওই কাঁদিছে সকলে/শোনো শোনো পিতা/কহো কানে কানে’ গানের সুরে নৃত্য পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানের সমাপ্তিতেও উঠে আসে সাভারে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও ভালোবাসার বাণী। রেকর্ড থেকে পরিবেশিত হয় ‘কাঁদো বাংলার মানুষ কাঁদো/যদি বাঙালি হও নিঃশব্দে কাছে এসো।’ আর এই গানের সুরের সঙ্গে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় প্রজ্বলিত প্রদীপের আলোর মিছিল নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শিল্পীরা।রফিকুন নবীর শিল্পকর্ম নিয়ে গ্রন্থের প্রকাশনা আজদেশের অন্যতম অগ্রগণ্য শিল্পী রফিকুন নবীর দশম একক প্রদর্শনী চলছে ঢাকা আর্ট সেন্টারে। ১২ এপ্রিল শুরু হয়েছে এই প্রদর্শনী। শেষ হবে আজ মঙ্গলবার। সমাপনী দিন সন্ধ্যা ছয়টায় প্রদর্শনীর কাজ ও তাঁর শিল্পকর্ম নিয়ে আলোচনাসমৃদ্ধ গ্রন্থ ইন টাচ উইথ দ্য রিয়েল (বাস্তবের লগ্নতায়)-এর প্রকাশনা অনুষ্ঠান। মোড়ক উন্মোচন করবেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। আলোচনা করবেন মফিদুল হক। সভাপতিত্ব করবেন অধ্যাপক নজরুল ইসলাম।স্বপন সাহার ‘অনন্ত সত্য’গত শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় চলছে আলোকচিত্রী স্বপন সাহার একক আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘অনন্ত সত্য’।স্বপন সাহার ক্যামেরায় নানাভাবে ধরা দিয়েছে জীবন ও প্রকৃতি। এসেছে চিরচেনা গ্রামের ঘর। সারবেঁধে বসে থাকা সাদা পায়রা। মেঘাচ্ছন্ন আকাশ। একটি ছবিতে শরতের অপরূপ মেঘের দেখা মেলে। নীলাকাশে ভেসে বেড়াচ্ছে তুলার মতো সাদা মেঘ। নিচে আকাশের ছায়া পড়া জলাশয়। তাঁর ক্যামেরায় আরও রয়েছে ষড়ঋতুর বৈচিত্র্যময় প্রকৃতি, মেঘশূন্য আকাশে বিহঙ্গের পথ খোঁজা, বৃষ্টিভেজা নিসর্গ, গোধূলিলগ্ন ইত্যাদি।৬০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। পাঁচ দিনের প্রদর্শনীর আজ শেষ দিন