
দিন শুরু হয়েছিল মঙ্গল নৃত্যের মধ্য দিয়ে। শুক্রবার খুব সকালেই নিক্কণধ্বনিতে মুখরিত হয়েছিল সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির খোলা প্রাঙ্গণ। রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে নবীন-প্রবীণ নৃত্যশিল্পীরা সমবেত হয়েছিলেন সেখানে। সমবেতভাবে তাঁরা মেতে উঠেছিলেন মঙ্গল নৃত্যে। আন্তর্জাতিক নৃত্য দিবসের শুরুর পরিবেশনা ছিল এটি। এ রেশ ধরেই সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নৃত্যশিল্পীদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরা, প্রতিবন্ধী শিল্পীরা মেতে ওঠেন উৎসবে।
ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের আহ্বানে ১৯৮২ সাল থেকে বিশ্বব্যাপী ২৯ এপ্রিল উদ্যাপন করা হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে। এ উপলক্ষে ২৩ এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। আর ২৭ এপ্রিল থেকে তিন দিনের আয়োজন ছিল নৃত্য সংগঠন নৃত্যাঞ্চলের। দুটোরই সমাপনী দিন ছিল গতকাল। একই সময়ে, শিল্পকলা একাডেমির দুই স্থানে। দুটিতেই ছিল নৃত্যপ্রেমীদের উপচে পড়া ভিড়।
নৃত্যশিল্পী সংস্থার আয়োজনটি ছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। এতে সম্মাননা জানানো হয় ভাষাসৈনিক কবি এনামুল হককে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
জাতীয় সংগীতের সুরে শুরু হওয়া এই আয়োজনে প্রথমে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন প্রতিবন্ধী নৃত্যশিল্পীরা। এরপর আলোচনা আর সম্মাননা পর্ব। পরে নৃত্য পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুরা ও তৃতীয় লিঙ্গের শিল্পীরা। এরপর ছিল দলীয় নৃত্যের পরিবেশনা; যাতে অংশ নেয় পল্লবী ড্যান্স সেন্টার, কত্থক নৃত্য সম্প্রদায়, স্পন্দন, দিব্য, জাগো আর্ট সেন্টার, নৃত্যছন্দ, নান্দনিক, পুষ্পাঞ্জলি, ঘাস ফুল নদী, ঝঙ্কার, স্বপ্ন বিকাশ, নৃত্যজন, নন্দন কলা কেন্দ্র, বকুল নৃত্যালয়সহ প্রায় ২০টি নৃত্যদল। এর আগে সকালে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘বাঙলার শেকড়ের সংস্কৃতি ও বাংলাদেশে নৃত্য চর্চা’ শীর্ষক সেমিনার।
জাতীয় নাট্যশালায় যখন এই অনুষ্ঠান, তখন একাডেমির নন্দন মঞ্চও মুখরিত নূপুরের ধ্বনিতে। সেখানে নৃত্যাঞ্চলের নৃত্য দিবসের আয়োজনে নাচছিলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও, নৃত্য পরিবেশনায় তারা ছিল অনন্য। চোখে আলো না থাকলেও, তাদের নৃত্য আলো ছড়িয়েছে জলের ওপর ভাসমান মঞ্চে। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি মানসিক প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী শিশুরাও নিজেদের সৃজনে জয় করে নেয় উপস্থিত হাজারো দর্শকের মন। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুরা অংশগ্রহণ করে এই আয়োজনে।