আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপিত

‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ স্লোগানে সারা বিশ্বের মতো আজ রাজধানীসহ সারা দেশে উদযাপিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস ২০১৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে সম্মাননা প্রদান, মঙ্গল নৃত্য, শোভাযাত্রা, সেমিনার, আলোচনা ও নৃত্যানুষ্ঠান ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবসের অনুষ্ঠানমালা।
আজ সকাল সাতটায় একাডেমির কফি হাউস প্রাঙ্গণে মঙ্গল নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপনের কার্যক্রম। এরপর সকাল নয়টায় শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিল্পকলা একাডেমি থেকে হাইকোর্ট সড়ক প্রেসক্লাব হয়ে পুনরায় একাডেমিতে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘বাঙলার শেকড়ের সংস্কৃতি ও বাংলাদেশে নৃত্য চর্চা’ শীর্ষক সেমিনার। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এতে আলোচক ছিলেন নৃত্য প্রশিক্ষক ও নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু। শুভেচ্ছা জ্ঞাপন করেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
এ ছাড়া একইসময়ে সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে নৃত্যাঞ্চলের আয়োজনে নৃত্য পরিবেশন করে সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুরা।