আন্তর্জাতিক পুরস্কার পেলেন কেকা ফেরদৌসী
প্যারিসে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হলো প্যারিস কুক বুক ফেয়ার বা রান্নার বইয়ের মেলা। এতে বাংলাদেশের রন্ধনশিল্পী ও টিভি সেলিব্রিটি কেকা ফেরদৌসী ‘শেফ-রেস্ট অব দি ওয়ার্ল্ড’ ‘গুরম্যান্ড কুক বুক অ্যাওয়ার্ডস’ পেয়েছেন। ‘স্বাস্থ্যসচেতন রান্না’ নামক বইয়ের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ঢাকার অনন্যা প্রকাশনী বইটি প্রকাশ করেছে।১৫৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়ে এই পুরস্কার জিতেছে বাংলা ভাষায় লেখা কেকা ফেরদৌসীর বইটি। ৪ মার্চ প্যারিসের ‘লা সেন্টকুয়াট’ থিয়েটার হলে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হলেও ব্যক্তিগত কারণে সেখানে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কেকা ফেরদৌসী প্রথম আলোকে বলেন, ‘রান্নাবিষয়ক অনুষ্ঠান এবং বইয়ের জন্য এর আগেও আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি। তবে এ পুরস্কার ভিন্নমাত্রা যোগ করেছে।’ তিনি জানান, বর্তমানে তিনি বাংলাদেশের আঞ্চলিক রান্নার গবেষণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।কেকা ফেরদৌসী ১৯৮৪ সাল থেকে দেশি-বিদেশি রান্না নিয়ে কাজ করছেন। তিনি চ্যানেল আইসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নিয়মিত রান্নার অনুষ্ঠান করছেন। এ ছাড়া পত্রপত্রিকায় কেকা ফেরদৌসীর রান্নাবিষয়ক লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।