আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে মুক্তি ও মানবাধিকারবিষয়ক পঞ্চম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব। গতকাল বুধবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ আলোকচিত্রী ও মুক্তিযুদ্ধের আলোকচিত্রগ্রাহক আব্দুল হামিদ রায়হান। মুক্তিযুদ্ধ জাদুঘর অয়োজিত এই উৎসব ৮ জানুয়ারি পর্যন্ত চলবে।বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী। তিনি বলেন, তরুণ প্রজন্ম হচ্ছে মুক্তিযুদ্ধের বাতিঘর। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দিতে হবে।উৎসব উদ্বোধন করে আব্দুল হামিদ রায়হান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের তোলা ছবিগুলোর নেগেটিভ আমি অনেক কষ্টে সযত্নে রেখেছি। আজ দেশের মানুষ সেগুলো দেখছে।’ তিনি বলেন, এ দেশে বারবার পরাজিত পাকিস্তানিদের প্রেতাত্মারা নানারূপে ঘুরে-ফিরে এসেছে। তাদের পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।উৎসবের পরিচালক ফওজিয়া খান বলেন, স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে আয়োজিত এবারের উৎসবের মূল কেন্দ্রে থাকবে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধের বিচার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা। মুক্তিযুদ্ধ জাদুঘর পাঁচ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে। এবার বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর। এই মাহেন্দ্রক্ষণ উদ্যাপন করা হবে এবারের উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে পৃথিবীর দেশে দেশে মুক্তি ও মানবাধিকারের জন্য মানুষের জীবন, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এবং স্বপ্নপূরণের জন্য নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠবে এই উৎসবে।জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর এ দেশের জনমানুষের জাদুঘর। খুব শিগগির আগারগাঁওয়ে জাদুঘরের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু হবে।ধন্যবাদ জ্ঞাপন করে ট্রাস্টি রবিউল হুসাইন।এবারের উৎসবে আন্তর্জাতিক এবং জাতীয় দুটি বিভাগ থাকছে। আন্তর্জাতিক বিভাগে ১১টি এবং বাংলাদেশ বিভাগে ১৩টি প্রামাণ্যচিত্র দেখানো হবে। স্কুলের শিক্ষার্থীদের জন্য ৬ ও ৭ জানুয়ারি বিশেষ প্রদর্শনী থাকবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চারটি অধিবেশনে চলচ্চিত্র প্রদর্শনী চলবে। উৎসবের শেষদিন ৮ জানুয়ারি তিন সদস্যবিশিষ্ট বিচারক দল বাংলাদেশে নির্মিত মুক্তি ও মানবাধিকারবিষয়ক শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকারের নাম ঘোষণা করবেন। বিচারক দলের প্রধান শিল্পী কাইয়ুম চৌধুরী। সদস্য কাইজার চৌধুরী ও চলচ্চিত্রকার তারেক মাসুদ।সত্যেন সেন স্মরণসত্যেন সেন ছিলেন একই সঙ্গে রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, সংগঠক ও গণসংগীত রচয়িতা। গাইতেনও ভালো, বিশেষ করে রবীন্দ্রসংগীত। তাঁর সময়ের প্রায় সব সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরিণত বয়সে সাহিত্যচর্চা শুরু করেও অল্প সময়ের মধ্যে সত্যেন সেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে গেছেন। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে প্রগতিশীল ও গণমুখী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাহিত্য সাধনা করেন। তাঁর রচনা ইতিহাস, ঐতিহ্য ও আদর্শের কথা বলে; দেশ, মাটি ও মানুষের কথা বলে। তাঁর লেখা এখনো অনেক বেশি প্রাসঙ্গিক। কিন্তু তাঁর বই দুষ্প্রাপ্য। ফলে নতুন প্রজন্ম তাঁর লেখা ও আদর্শের সঙ্গে পরিচিত নয়। এটা দুঃখজনক। নতুন প্রজন্মের কাছে সত্যেন সেনের আদর্শ পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব আমাদের। ৩০তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা এভাবেই স্মরণ করলেন সত্যেন সেনকে। উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ। এতে সভাপতিত্ব করেন নিবাস দে।সত্যেন সেন ছিলেন একজন সফল সংগঠক। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক। স্মরণ সভায় মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক রফিকুল্লাহ্ খান। আলোচনায় আরও অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, বদিউর রহমান, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, হাবিবুল আলম, জামশেদ আনোয়ার প্রমুখ। স্মরণসভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।কুমিল্লায় রবীন্দ্র উৎসবে আবৃত্তি, নৃত্যানুষ্ঠাননিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে কুমিল্লায় ছয় দিনব্যাপী রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিনেও গতকাল প্রচুর দর্শক-সমাগম ঘটেছিল টাউন হলে। কুমিল্লা রবীন্দ্র উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।সকাল থেকেই শুরু হয়েছিল কর্যক্রম। এতে ছিল স্কুল-কলেজের শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতা। বিকেল চারটায় শুরু হওয়া ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক এহতেশাম হায়দার চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমীর উপপরিচালক তপন বাগচী। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুমিল্লার রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, স্থানীয় বৈশাখী সাংস্কৃতিক সংগঠন এবং ঢাকা ও কলকাতার কলাভারতী সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।সাতক্ষীরার ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের শতবর্ষপূর্তি অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের শতবর্ষপূর্তি উপলক্ষে তিন দিনের কর্মসূচি আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ১৯১১ সালের প্রথম দিকে সাতক্ষীরার জমিদার বংশের তরুণ আইনজীবী অরবিন্দ রায় চৌধুরীর নেতৃত্বে সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অপেশাদার নাট্য ও সংস্কৃতিচর্চার জন্য ক্লাবটি গড়ে তোলেন। শতবর্ষী এই ক্লাবটি শুধু সাতক্ষীরা নয়, এ অঞ্চলের সংস্কৃতিচর্চার পাশাপাশি সমাজসেবা-মূলক বিভিন্ন কাজও করে যাচ্ছে।আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাবের সভাপতি আবদুস সামাদ। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও স্মৃতিচারণা, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইলাদুর্গত এলাকার অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি ও শতবর্ষের স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।