আন্তর্জাতিক প্রেক্ষিতে বাংলা সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’—রবীন্দ্রনাথের এই গান যখন গীত হচ্ছিল, তখন অনেকে গুনগুনিয়ে গলা মেলাচ্ছিলেন শিল্পীর সঙ্গে। গানটি শ্রোতাদের অনেকবার শোনা। তবে নতুন লেগেছিল পরিবেশনার কারণে।মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পী জন থর্প একই সঙ্গে বাংলা ও ইংরেজিতে পরিবেশন করলেন গানটি। আন্তর্জাতিক পেক্ষাপটে বাংলা সাহিত্যের গতিপ্রকৃতি অনুসন্ধানের প্রয়াসে গতকাল রোববার থেকে বাংলা একাডেমীর আয়োজনে শুরু হয়েছে তিন দিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এই উদ্বোধনী অনুষ্ঠানে গানটি গেয়ে শোনান জন থর্প।সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। ধন্যবাদ জানান সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সম্মেলনের ধারণাপত্র উপস্থাপন করেন কবি মুহম্মদ নূরুল হুদা।বৃষ্টিস্নাত সকালে সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে ভরে উঠেছিল একাডেমীর সম্মেলনকক্ষ। প্রবেশপথে রবীন্দ্রনাথ-নজরুলের বিশাল প্রতিকৃতি। পুষ্পশোভিত মঞ্চ। শুরুতেই পাপিয়া সারোয়ার ‘শুভ্র প্রভাতে/ পূর্ব গগনে উদিল/ কল্যাণী শুকতারা’ এবং ‘আকাশ ভরা সূর্য তারা’ গান দুটি গেয়ে শোনান।এর পরই শিল্পী জন থর্প মঞ্চে আসেন। শিল্পী বাংলায় আমন্ত্রণ জানালেন শ্রোতাদের। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন...’ গানটি গেয়ে পরে এটি ইংরেজিতে পরিবেশন করে মুগ্ধতা ছড়ালেন দর্শকদের মধ্যে। শিল্পী খায়রুল আনাম শাকিল শোনালেন নজরুলের ‘পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়’ গানটি।গানের পর শ্রোতাদের স্বাগত জানিয়ে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলা সাহিত্য এবং প্রতিবেশী দক্ষিণ এশীয় সাহিত্যের গুরুত্ব দ্রুত বর্ধমান। বাংলা একাডেমী বিষয়টি মাথায় রেখে এ অঞ্চলের সাহিত্যের অন্তর্মূলে সমকালীন চোখে আলো ফেলতেই এই আয়োজন করেছে।প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বাংলা একাডেমীর এই সাহিত্য সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ মন্তব্য করে বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে আমরা বাংলা ও দক্ষিণ এশিয়ার সমকালীন অন্যান্য সাহিত্যের গতিপ্রকৃতি সম্পর্কে অনুধাবন করতে পারব।’বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, সাহিত্য মানুষের নতুন জন্ম ঘটায়, তাকে পরিপূর্ণ মানবিক সত্তায় রূপ দেয়। বিভিন্ন ভাষার সাহিত্যের মধ্যে মূলত মানুষের জীবনের মর্মই ধ্বনিত হয়। প্রমোদ মানকিন বলেন, সংস্কৃতিবান্ধব বর্তমান সরকারের সহায়তায় বাংলা একাডেমী এই সম্মেলনের মূলধারায় বাংলা ও বিশ্বসাহিত্যের পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাহিত্যের প্রতিও দৃষ্টি দিয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ জ্ঞাপন করে সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম বলেন, ‘বহির্বিশ্বের মানুষের জীবনের বাস্তবতার সঙ্গে সাহিত্য কীভাবে সম্পৃক্ত, এই সাহিত্য সম্মেলনে আমরা তার উত্তর খুঁজে পাব।’সম্মেলনের ধারণাপত্রে মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলাদেশের মানুষ তার গৌরবদীপ্ত সাহিত্য ও সংস্কৃতির প্রাণসত্তা পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বাঁচিয়ে রেখেছে। এই সম্মেলন মূলত পরিবর্তিত পৃথিবীতে দক্ষিণ এশিয়ার সাহিত্যের বর্তমান অবয়ব শনাক্ত করার প্রয়াস।সভাপতির বক্তব্যে অধ্যাপক কবীর চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিকতা সাহিত্যের মূল বৈশিষ্ট্য। আজকের পৃথিবীতে আমরা বিশ্ববোধ ব্যতীত মহৎ সাহিত্য সৃষ্টি করতে পারব না।’ অধিবেশন সেমিনারের প্রথম অধিবেশনে ‘বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের বর্তমান আন্তর্জাতিক তাৎপর্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডের গবেষক পিটার কাস্টার্স। আলোচনায় অংশ নেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক উইনস্টন ল্যাংলি, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, মার্কিন লেখক ও শিল্পী জন থর্প এবং অধ্যাপক শফি আহমেদ। সভাপতিত্ব করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।দ্বিতীয় অধিবেশনে ‘সমকালীন বাংলা সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক নিয়াজ জামান, অধ্যাপক ফিরদৌস আজিম ও অধ্যাপক মোহীত উল আলম। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।তৃতীয় অধিবেশনে ‘উত্তর-পূর্ব ভারতের জীবনযাত্রায় সাহিত্যের প্রভাব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিশিষ্ট গবেষক সৌমেন সেন। ‘সমকালীন চাকমা সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি সুগত চাকমা এবং ‘সমকালীন মণিপুরি সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ কে শেরাম। আলোচনায় অংশ নেন প্রভাংশু ত্রিপুরা, কমলেশ দাশগুপ্ত, চৌধুরী বাবুল বড়ুয়া, মং সুং, প্রু এবং লে লুং। সভাপতিত্ব করেন চাকমা রাজা দেবাশীষ রায়।