আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকবাংলা একাডেমীর আয়োজনে গতকাল শনিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। সকালে একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ফোকলোর সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক হেনরি গাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। বিদেশি ফোকলোর-প্রতিনিধিবৃন্দের পক্ষে বক্তব্য দেন এস্তোনিয়ার বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক উলো ভাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক হেনরি গ্লাসি বলেন, ফোকলোর কেবল তত্ত্বসাপেক্ষ নয়, বরং এর অন্যতম প্রধান গুরুত্ব প্রায়োগিকতায় নিহিত। তিনি বলেন, জনমানুষের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশে ফোকলোর গবেষণা বিশেষ প্রেক্ষাপটে বিচার্য। তিনি আরও বলেন, ফোকলোর ইতিহাসে এশিয়ান শতাব্দীর নতুন ধারা শামসুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের বাংলা একাডেমী সূচনা করতে যাচ্ছে। অধ্যাপক উলো ভাক বলেন, ফোকলোর ব্যতীত আধুনিকবাদী আন্দোলন যথার্থ অভিমুখ লাভ করতে পারে না। কারণ, ফোকলোরের উপাদানে ছড়িয়ে আছে আধুনিকতার সারাৎসার। তিনি বলেন, বাংলা একাডেমী গৃহীত এ দেশের ৬৪ জেলার লোকজ সংস্কৃতির গ্রন্থমালা প্রণয়ন ও প্রকাশের উদ্যোগ সামগ্রিক ফোকলোর ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা একাডেমী প্রতিষ্ঠালগ্ন থেকে ফোকলোর উপাদান সংগ্রহ-সংরক্ষণ-গবেষণা ও বিকাশে জোর দিয়ে আসছে। তিনি বলেন, যে অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এর সমাধান লোকায়ত সংস্কৃতির ভেতরেই খুঁজে পাওয়া সম্ভব। শামসুজ্জামান খান বলেন, ‘ফোকলোরের সনাতনি ধারণার বদলে আমরা সাম্প্রতিক তত্ত্ব ও নিবিড় মাঠকর্মনির্ভর নতুন বাংলা ফোকলোরের চর্চা শুরু করতে চাই। এ লক্ষ্যে বাংলা একাডেমী “লোকজ সংস্কৃতির বিকাশ” শীর্ষক এক বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করেছে, যা গোটা দেশের ফোকলোর পরিস্থিতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে।’তিন দিনব্যাপী সম্মেলনের ধারণাপত্র উপস্থাপন করেন ফিরোজ মাহমুদ।উদ্বোধনী দিনে সাংস্কৃতিক সংগঠন ‘সহজিয়া’ লোকসংগীত পরিবেশন করে। দুপুরে ‘ফোকলোর অধ্যয়নের তাত্ত্বিক দৃষ্টিকোণসমূহ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ফোকলোরবিদ অধ্যাপক জওহরলাল হান্ডু এবং বাংলাদেশের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশ নেন অধ্যাপক মো. শাহীনুর রহমান ও ফিরোজ মাহমুদ। বিকেলে ‘ফোক-ন্যারেটিভ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গবেষক অধ্যাপক মার্গারেট এ. মিলস্ এবং অধ্যাপক উলো ভাক। সন্ধ্যায় উদীচী শিল্পগোষ্ঠীর নেতৃত্বে বর্ষবিদায়ের সাংস্কৃতিক পর্বে ছিল ধুয়া গান, সারি গান, লালনের গান, কালিকাচ ও রায়বেশে নৃত্য।আজ পয়লা বৈশাখ একাডেমীর বর্ষবরণ কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে সাতটায়, একাডেমীর নজরুল মঞ্চে বর্ষবরণ সংগীতের মধ্য দিয়ে। বিসিক ও বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে আজ থেকে ১০ বৈশাখ পর্যন্ত বাংলা একাডেমী প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।চৈত্রসংক্রান্তিতে নারীদের মিছিলগতকাল চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানমালাতেও ছিল চলমান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির সেই উত্তাপ। সম্প্রতি নারীদের প্রতি ধর্মের নামে নিপীড়নের প্রতিবাদ জানানো হয় সংক্রান্তির মিছিলে। গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে বিকেলে টিএসসি থেকে বের করা হয় নারী সংস্কৃতিকর্মীদের মিছিল। মিছিল শেষে বক্তারা বলেন, ‘নারীর নিষ্ঠা ও দেশপ্রেমের কাছে আমরা অবনত। তাই নারীদের শক্তিকে সঙ্গী করেই এগিয়ে যাবে দেশের সাংস্কৃতিক আন্দোলন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নারী সোচ্চার ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতেও বিশাল ভূমিকা রাখছে নারীসমাজ।’পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের সুন্দরের প্রত্যাশায় আয়োজনে মশাল প্রজ্বালন করা হয়। একই সঙ্গে আকাশের ঠিকানায় উড়িয়ে দেওয়া হয় ফানুস। মশাল প্রজ্বালনের কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।নাট্যশালার বহিরাঙ্গন থেকে সাংস্কৃতিক পরিবেশনার পবর্টি চলে পরীক্ষণ থিয়েটার হলে। এখানে মঙ্গলনৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তাঁর দল। সরোদ বাজিয়ে সুরের মায়াজাল বিস্তার করেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। এরপর নাট্যশিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় নাট্যদলের নাটকের গান ও আবৃত্তি। পুরো আয়োজনে আপ্যায়ন হিসেবে ছিল মুড়ি-মুড়কি ও বাতাসা।কথন পর্বে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেরদৌসী মজুমদার, আফরোজা বানু, লাকী ইনাম, ফাল্গুনী হামিদ, শিমূল ইউসুফ প্রমুখ।