বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সায়েম এবং প্রযোজনা করবেন নাহিদ আহমেদ। আজকের শিল্পী সানি জুবায়ের। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?এ পর্যন্ত আমার সাতটি অ্যালবাম বেরিয়েছে: সারা, নির্জন স্বাক্ষর, অদ্ভুত আঁধার এক, অজস্র কবিতা, যুগল সন্ধি, আপনা খেয়াল ও কেন মেঘের ছায়া। অনুষ্ঠানে ১৪-১৫টি গান করার সুযোগ থাকবে। এই অ্যালবামগুলো থেকেই গান করব। সময় পেলে পুরোনো দিনের গান করার ইচ্ছা আছে। ‘কেন মেঘের ছায়া’ অ্যালবামটি কবে বের হলো?১১ জুলাই বেরিয়েছে। নজরুলসংগীত নিয়ে। বের করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রকাশনা অনুষ্ঠান হবে রোজার পর। তাই অ্যালবামটির খবর অনেকেই জানেন না। এখানে আমি কাজী নজরুল ইসলামের খুব জনপ্রিয় কিছু গান গেয়েছি। আপনার ছয়টি অ্যালবামই আধুনিক গানের। নজরুলসংগীত কবে থেকে করছেন?পাঁচ বছর বয়সে প্রথম যে গানটি শিখেছিলাম, সেটি ছিল নজরুলের গান। বাসায় নজরুলের গানের একটা পরিবেশ ছিল। আমার নানা কবি মঈনুদ্দীন ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু। নজরুল আর প্রমিলার বিয়ের সাক্ষী ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন করতে গিয়ে হুগলি জেলে তাঁরা একসঙ্গে ছিলেন। আমার মা অনেক দিন থেকে নজরুলের গানের একটি অ্যালবাম করার জন্য বলছিলেন। এবার সুযোগটা পেয়ে গেলাম। আপনি তো গানের প্রশিক্ষণের সঙ্গেও জড়িত। এখন কী করছেন?মাস ছয়েক হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমী আমাকে একটি দায়িত্ব দিয়েছে। ‘বাংলাদেশ ন্যাশনাল সিম্ফনি অর্কেস্ট্রা’ তৈরি করছি আমরা। সপ্তাহে দুই দিন করে শিল্পীদের নিয়ে বসছি। ওয়েস্টার্ন নোটেশনের মাধ্যমে আমরা কাজ করছি। আশা করছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের একটি বড় গানের দল তৈরি হবে।