মিনিয়েচার আর্ট শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ শাখা। ছোট ছবি কিন্তু তাতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। কিন্তু একটা সময় শিল্পের এ শাখাটি চর্চা কমে যায়। তবে মিনিয়েচার আর্ট পুরোপুরি নির্বাসনে যায়নি। মিনিয়েচারের অতীত ঐতিহ্য পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হচ্ছে টোন আন্তর্জাতিক মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০১৫।
সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে টোন আর্ট সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের শিল্পীদের সঙ্গে এই প্রদর্শনীতে অংশ নেবেন বহির্বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। প্রত্যেক শিল্পী প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট আকারের তিনটি করে মিনিয়েচার শিল্পকর্ম জমা দিতে পারবেন। সেসব ছবি থেকে বিচারকদের রায়ের ভিত্তিতে প্রদর্শনীর জন্য ছবি নির্বাচনের সঙ্গে শিল্পীদের জন্য থাকছে পুরস্কার। রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রক ও প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে প্রদর্শনী হবে। আয়োজন করছে টোন আর্ট সোসাইটি অব বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে মিনিয়েচার শিল্পকলা প্রদর্শনী ও প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন টোন আর্ট সোসাইটির সাধারণ সম্পাদক চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান। এ ছাড়া প্রদর্শনী প্রসঙ্গে কথা বলেন সোসাইটির সভাপতি চিত্রশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা খালিদ মাহমুদ, সোসাইটির দুই উপদেষ্টা খ্যাতিমান চিত্রশিল্পী আবুল বার্ক আলভী এবং কবি ও চিত্র সমালোচক রবিউল হুসাইন।
>সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিল্পীদের তৈরি মিনিয়েচার শিল্পকর্মটির সর্বোচ্চ মাপ হবে দৈর্ঘ্য ও প্রস্থে ১২.৫ সেন্টিমিটার
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিল্পীদের তৈরি মিনিয়েচার শিল্পকর্মটির সর্বোচ্চ মাপ হবে দৈর্ঘ্য ও প্রস্থে ১২.৫ সেন্টিমিটার। একজন শিল্পী যেকোনো মাধ্যমে তৈরি সর্বোচ্চ তিনটি শিল্পকর্ম জমা দিতে পারবেন। তবে শিল্পকর্মে কোনো ফটোগ্রাফি কিংবা কম্পিউটার টেকনোলজি ব্যবহার করা যাবে না। শিল্পকর্ম জমা দিতে হবে ধানমন্ডির ৬ নম্বর সড়কের গ্যালারি চিত্রকে। ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পকর্ম জমা নেওয়া হবে।
প্রতিযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার সঙ্গে স্মারক ও সনদ দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিযোগিতায় থাকবে ১৫টি পুরস্কার। প্রতিযোগিতার অংশগ্রহণে ইচ্ছুক শিল্পীরা টোন সোসাইটির ওয়েবসাইট থেকে নিয়মাবলিসহ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.toneartsoceity.com। চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ এই আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সৃষ্ট মিনিয়েচার শিল্পকলার অতীত ইতিহাস পুনরুজ্জীবিত হবে বলে আশা করেন। তিনি জানান, ইতিমধ্যে ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, কাতার, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তানের শিল্পীরা প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আবুল বার্ক আলভী বলেন, এ অঞ্চলের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মিনিয়েচার আর্ট। সেই পাল যুগ থেকে শুরু করে মোগল সম্রাট আকবরের আমল পর্যন্ত এই শিল্পের ব্যাপক চর্চা হয়েছে। তবে মিনিয়েচার আর্ট হারিয়ে যাওয়ার পথে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মিনিয়েচার আর্টের প্রতি শিল্পীরা আবার মনোযোগী ও উৎসাহী হবেন।
রবিউল হুসাইন বলেন, ‘মিনিয়েচার আর্ট সৃজনে তুলি চালনায় শিল্পীকে অনেক পারদর্শী হতে হয়। আমার ধারণা, এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে মিনিয়েচার আর্ট চর্চার বিষয়টি প্রতিষ্ঠিত হবে।’