আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সমাপ্ত
নানা দেশের সাহিত্য নিয়ে আলোচনা ও সাহিত্যিকদের একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বাংলা একাডেমী আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য’ শীর্ষক সম্মেলনের গতকাল মঙ্গলবার শেষ দিনে সাহিত্য আলোচনার পাশাপাশি ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। সম্মেলনের সমাপনী বক্তব্যে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ভবিষ্যতে নিয়মিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হবে। বাড়ানো হবে পরিসর। মঙ্গলবার সকালে একাডেমীর সেমিনার কক্ষে সম্মেলনের সপ্তম অধিবেশনে ‘বিভাগ-উত্তর বাংলাদেশের সাহিত্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেন ভাষাসৈনিক আহমদ রফিক, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক আবুল আহসান চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। মূল প্রবন্ধে বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান রাষ্ট্রের শুরুতেই মুসলিম মধ্যবিত্তের স্বপ্নভঙ্গ, রাষ্ট্রভাষা আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব, যুক্তফ্রন্ট নির্বাচনে গণতান্ত্রিক শক্তির নিরঙ্কুশ বিজয় ও পাকিস্তানি সামরিকতন্ত্রের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের গণতান্ত্রিক প্রতিবাদের কারণে পাকিস্তান আন্দোলনকেন্দ্রিক কবিতার ধারা কখনোই প্রাধান্য বিস্তার করতে পারেনি।’ তিনি বলেন, ‘বায়ান্নর রক্তিম উজ্জীবনের ফলে এ সময়ের সাহিত্যে জীবনকেন্দ্রিক, সত্যান্বেষী ও মৃত্তিকাসংলগ্ন নানা ধারা প্রকট হয়ে উঠেছে।’আবুল আহসান চৌধুরী বলেন, ‘সাহিত্যের পরম্পরা থেকে রসদ সংগ্রহ করেই প্রতিনিয়ত সৃষ্টি হয় নতুন সাহিত্য। ইতিহাস, পুরাণ ও সংস্কৃতি—এই প্রধান তিন উপকরণ সৃজনশীল সাহিত্যে থাকা বাঞ্ছনীয়।’ তিনি বলেন, ‘শুধু রাজধানী নয়, দেশব্যাপী সাহিত্যের বিস্তৃতি ঘটাতে হবে। তবেই বাংলা সাহিত্য উৎকর্ষ লাভ করবে।’আহমদ রফিক বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্যে শব্দ, ভাষা, আঙ্গিক প্রভৃতির বহুমুখী ব্যবহার এ দেশের সাহিত্যকে বিশ্বমানে উন্নীত করছে।’ হায়াৎ মামুদ বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্যে ভাষার সংবেদনশীলতার বিষয়টি সুস্পষ্ট নয়। হয়তো তরুণ সাহিত্যিকদের বহুমুখী নিরীক্ষাপ্রবণতার কারণেই এমনটি ঘটেছে।’ হাসান আজিজুল হক বলেন, ‘সাম্প্রতিক সাহিত্যের পরিধি ব্যাপক। সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যের নানা আঙ্গিকের পরিবর্তন ঘটছে।’ সভাপতি পবিত্র সরকার বলেন, ‘কেন্দ্র ও প্রান্তের ভেদ ঘোচাতে না পারলে উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করা সম্ভব নয়। ঊনবিংশ শতাব্দীতে বাংলা রেনেসাঁস-উদ্ভূত হিন্দু আধিপত্য বিংশ শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। সাম্প্রতিক বাংলা সাহিত্যও পূর্ণরূপে এর প্রভাবমুক্ত হয়নি। পাকিস্তান আমলে বাঙালি জনগোষ্ঠী ব্যাপক প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও সে সময় এ অঞ্চলে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে। এই শিক্ষিত শ্রেণীর মাধ্যমেই বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্য বিকাশ লাভ করছে।’ সাহিত্য সম্মেলনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে শামসুজ্জামান খান বলেন, ‘এ সম্মেলনে আমরা বাংলা সাহিত্যের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমকালীন সাহিত্য সম্বন্ধে পারস্পরিক ঋদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি। আশা করছি, ভবিষ্যতে ভিন্ন ভিন্ন বিষয়ে বাংলা একাডেমীতে এ রকম আরও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা সম্ভব হবে।’অধিবেশন শেষে বিভিন্ন বিষয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন আবু বকর সিদ্দিক, বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রবিউল হুসাইন, অরুণাভ সরকার, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, কাজী রোজী, সানাউল হক খান, জাহিদুল হক, মাহমুদ আল জামান, নাসির আহমেদ, কামাল চৌধুরী, মুহাম্মদ সামাদ, টোকন ঠাকুর, আলফ্রেড খোকন প্রমুখ।