আন্তর্জাতিক সেমিনার ও নাট্যোত্সব
দশমবারের মতো শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের দ্বিবার্ষিক অনুষ্ঠানমালা। আইটিআই সূত্রে জানা গেছে, এবারের উত্সব আয়োজনটি বাংলা নববর্ষকে ধরেই করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক নাট্যোত্সবটি হবে ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে একযোগে চলবে এই নাট্যোত্সব। এ উত্সবে বাংলাদেশের ১৬টি নাট্যদল, দুটি নৃত্যদল, একটি যাত্রাদল এবং কলকাতার একটি নাট্যদল ও সিঙ্গাপুরের চায়নিজ অপেরা ইনস্টিটিউট অংশ নেবে। ১৫ এপ্রিল মূল হলে উত্সবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখানে নৃত্যধারা নাচ পরিবেশন করবে। পরীক্ষণ থিয়েটার হলে এদিন থাকছে নৃত্যনন্দনের সমুদ্র স্বপ্ন, স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে সুবচন নাট্য সংসদের ষড়ভুজ নাটক। ১৬ এপ্রিল মূল হলে কলকাতার সল্টলেক মণিরথ গ্রুপ থিয়েটার মঞ্চস্থ করবে রোদ্দুরের অলিগলি নাটকটি। পরীক্ষণ থিয়েটার হলে থাকছে দেশ নাটকের প্রাকৃতি পুরাঙ্গনা, স্টুডিও থিয়েটার হলে পালাকার পরিবেশন করবে মৃত্তিকা কুমারী। মূল হলে সিঙ্গাপুরের চায়নিজ অপেরা ইনস্টিটিউট মঞ্চস্থ করবে পেইন্টেড স্কিন ১৭ এপ্রিল। এদিন পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা, স্টুডিও থিয়েটার হলে তির্যক (চট্টগ্রাম) পরিবেশন করবে বিসর্জন নাটকটি। ১৮ এপ্রিল মূল হলে থাকছে ঢাকা থিয়েটারের ধাবমান, পরীক্ষণ থিয়েটার হলে সময় সাংস্কৃতিক গোষ্ঠীর শেষ সংলাপ এবং স্টুডিও থিয়েটার হলে চারণিক যাত্রা সমাজের মহীয়সী কৈকেয়ী পালাটি। মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদল এবং বিদ্যাসাগর পরিবেশন করবে ১৯ এপ্রিল। একই দিন থিয়েটার মেরাজ ফকিরের মা মঞ্চস্থ করবে পরীক্ষণ থিয়েটার হলে, স্টুডিও থিয়েটার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশন করবে সমুদ্রের সওয়ার। ২০ এপ্রিল সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) মূল মিলনায়তনে পরিবেশন করবে দ্য কমিউনিকেটর, পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট রাজা এবং অন্যান্য, স্টুডিও থিয়েটার হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মঞ্চস্থ করবে প্রাচ্য। উত্সবের শেষ দিন ২১ এপ্রিল মূল মিলনায়তনে নাট্যকেন্দ্র মঞ্চস্থ করবে আরজ চরিতামৃত, পরীক্ষণ থিয়েটার হলে শিল্পকলা একাডেমী পরিবেশন করবে গাজী কালু চম্পাবতী এবং স্টুডিও থিয়েটার হলে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে ছায়ানট নাটকটি।এদিকে ১৪, ১৫ ও ১৭ এপ্রিল আইটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১৩০তম সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। একইভাবে তরুণ নাট্যকর্মীদের জন্য আফ্রিকার থিয়েটার ও চীনা অপেরার ওপর দুটি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন আলী মাহ্দী এবং চুয়া সুপং।আইটিআইয়ের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘আমরা দুই বছর পরপর ভাষাশহীদ দিবসকে সামনে রেখে সেমিনার ও নাট্যোত্সবের আয়োজন করি। এবার বৈশাখকে ধরে করছি। পয়লা বৈশাখের আমাদের ঐতিহ্যকে বিদেশিদের সামনে তুলে ধরতে চাই। বিদেশি প্রতিনিধিরা যাতে আমাদের বাংলা নববর্ষ উদ্যাপন প্রত্যক্ষ করতে পারেন, সে জন্য এবার পয়লা বৈশাখ থেকে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।’রামেন্দু মজুমদার আরও বলেন, ‘এরই মধ্যে আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে। আশা করছি, আমরা ভালো একটা উত্সব দর্শককে উপহার দিতে পারব।’