আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের দুই শতাধিক ছবি। উৎসবে অংশ নেওয়ার জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর। ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে (www.isiff-bd.org <http://www.isiff-bd.org>) এন্ট্রি ফরম দেওয়া আছে। ফরম পূরণ করে ছবি জমা দিতে হবে। ছবি প্রিভিউ করার জন্য ডিভিডি বা ছবির ডাউনলোড লিংক পাঠাতে হবে এই ঠিকানায়: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ১০৮, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, (তৃতীয় তলা) শাহবাগ, ঢাকা-১০০০। ই-মেইল: [email protected]।
কেন্দ্রীয় গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী হবে মূল উৎসবকেন্দ্র। পাশাপাশি, বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস, পুরান ঢাকার গেন্ডারিয়ার জহির রায়হান মিলনায়তন, ছায়ানট মিলনায়তন এবং গুলশানের রাশিয়ান দূতাবাস মিলনায়তনেও ছবিগুলো দেখানো হবে। উৎসবে প্রখ্যাত ব্রিটিশ প্রামাণ্যচিত্র নির্মাতা কিম লংঙ্গিনোটোর আটটি ছবি নিয়ে হবে রেট্রোস্পেকটিভ। প্রথমবারের মতো বাংলাদেশে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো থেকে ছয়-সাতটি দেশের ছবি প্রদর্শিত হবে।
উৎসব উপলক্ষে এ বছর ‘বাংলাদেশ সিনেমা ট্যালেন্ট ক্যাম্পাস’ নামে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য কর্মশালা আয়োজন করা হয়েছে। ৬ থেকে ১০ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী এই কর্মশালার যৌথ আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
উৎসব উপলক্ষে থাকছে ‘আলমগীর কবির স্মারক বক্তৃতামালা’। এ বছর এই স্মারক বক্তৃতা দিতে উৎসব চলাকালে ঢাকায় আসবেন এশিয়ান নতুন ধারার ছবির অন্যতম প্রধান প্রবক্তা অরুণা বাসুদেব।